চলো না ঘুরে আসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন টিভিতে চোখটা সেঁটে না রেখে ঈদের দিনটা যদি আপনজনদের নিয়ে একটু কোথাও বেড়িয়ে আসেন, তাহলে কিন্তু মন্দ হয় না। ভাবছেন, কোথায় যাওয়া যায়? যাওয়ার অনেক জায়গা আছে, ঘাবড়াবেন না। এই ধরা যাক, ঘরের বাচ্চাকাচ্চা নিয়ে চট করে ঘুরে আসা যায় শাহবাগের শিশুপার্ক থেকেই। অল্প খরচে হাতের কাছে ও রকম বিনোদন আর হয় না। শ খানেক টাকা খরচ করলে শিশুপার্কের সব কটি রাইডে চড়িয়ে, আইসক্রিম-ফুচকা খাওয়ানো যাবে। আনন্দেই সময়টা কেটে যাবে ওদের।শিশুপার্কে যদি ভালো না লাগে, তবে তার উল্টো পাশেই রমনা পার্ক। তাজা হাওয়া খেতে খেতে বেশ করে ঘুরে বেড়াতে পারবেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে পার্কের বেঞ্চে বসে না হয় একটু জিরিয়েই নিলেন। আবার সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেকও বেড়ানোর জন্য মন্দ নয়। কিংবা একটা রিকশা নিয়ে চট করে চলে যাওয়া যায় ওয়ারীর বলধা গার্ডেনে। চেনা-অচেনা নানা গাছ দেখা যাবে সেখানে। ভাগ্য ভালো হলে দেখা যাবে পাখিও। তবে গাছ-পাখি দেখার সবচেয়ে সরেস জায়গা মিরপুরের বোটানিক্যাল গার্ডেন (জাতীয় উদ্ভিদ উদ্যান)। ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’—এজাতীয় জ্ঞানবাক্যে যদি খুব বেশি বিশ্বাস না রাখেন, তাহলে গার্ডেনের পাশেই জাতীয় চিড়িয়াখানায়ও সময় কাটানো যায়। সেখানে বড়দের চেয়ে অবশ্য শিশুরাই বেশি আনন্দ পায়। অল্প কিছু দর্শনীর বিনিময়ে বাঘ, ভালুক, হাতি, ঘোড়া দেখতে দেখতে সময় কেটে যাবে।এসবে যাঁদের মন ভরে না, যাঁরা আরও একটু বিনোদন চান এবং সে জন্য পয়সা আর সময় কোনোটিরই কমতি না থাকে; সে ক্ষেত্রে ঢাকার অদূরে থিম পার্ক ‘নন্দন’ কিংবা ‘ফ্যান্টাসি কিংডম’ ঘুরে আসতে পারেন। এখানে পয়সা খরচ হবে বেশি, কিন্তু বিনোদনটাও মিলবে জম্পেশ। নানা রকম মন ভরানো, কলজে কাঁপানো রাইড তো আছেই। সঙ্গে আছে মন ভরে পানিতে দাপাদাপি করার সুযোগ। তবে একটা কথা আগেই বলে রাখা ভালো, ঈদের দিন কিন্তু এ দুটো পার্কের প্রতিটিতেই প্রচণ্ড ভিড় হয়। তাই দেখেশুনে সামলেসুমলে থাকতে হবে। আনন্দ করতে গিয়ে শেষে যেন আবার হিতে বিপরীত না হয়ে যায়।অবশ্য এসব ভিড়ভাট্টায় যদি যেতে না চান, তাহলে চট করে একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও ঘুরে আসতে পারেন। গাছপালায় ছাওয়া, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘোরার মতো জায়গা আছে বিস্তর। শহরের কোলাহল থেকে একটু মুক্তির স্বাদ মিলতে পারে এখানে খুব সহজেই।যদি পানির সান্নিধ্যে যেতে চান, তবে সবকিছু বাদ দিয়ে সোজা চলে যেতে হবে মিরপুর বেড়িবাঁধে। চটবাড়ীর বুড়ো বটের তলে বসে সূর্যাস্ত দেখতে দেখতে কোথায় যে হারিয়ে যাবেন, টেরও পাবেন না। চাইলে নৌকাভ্রমণও করতে পারেন অনায়াসে। তবে সাঁতার না জানলে সে দুঃসাহস দেখানোর কোনো দরকার নেই। নৌকাভ্রমণের আরেক সুন্দর জায়গা হচ্ছে আশুলিয়া। এখনো বর্ষার পানিতে ভরপুর রাস্তার দুই ধার। বহুদূর পর্যন্ত দিকের কোনো হদিস মেলে না। ইটভাটাগুলো সব পানিতে ডুবে গেছে। শুধু মাথা ভাসিয়ে দাঁড়িয়ে আছে চিমনিগুলো। টলটলে পানিতে তার একহারা ছায়া দেখতেও ভালো লাগে। যখন বিকেল হয়, তখন কোত্থেকে যেন পাগল করা বাতাস হইহই করে ছুটে আসে। শান্ত-স্নিগ্ধ পানিতে ওঠে ছোট ছোট ঢেউয়ের বহর। দিন ফুরিয়ে এলে সেই ঢেউয়ের আগায় সোনা রোদের ঝিলিক দেখে মনে হবে, এমন দৃশ্য না দেখলে বুঝি জীবনটাই বৃথা। ঈদের দিনে মনে রাখার মতো একটা ভ্রমণ যে হবে, সেটা হলফ করে বলে দেওয়া যায়।