চশমাপরা হনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যে তিন প্রজাতির হনুমান আছে, তার মধ্যে সবচেয়ে ছোট আকারের হনুমান হচ্ছে চশমাপরা হনুমান। আমাদের পূর্ব সীমান্তবর্তী বনগুলো, বিশেষ করে লাউয়াছড়া, রেমা-কালেঙ্গা, সাতছড়ি, পাবলাখালি এবং কাপ্তাইয়ের বনে এই হনুমান দেখতে পাওয়া যায়। এরা মিশ্র চিরহরিৎ বনের প্রাণী।চশমাপরা হনুমানের ইংরেজি নাম ফাইরি’স লিফ মাঙ্কি। বৈজ্ঞানিক নাম Tৎachypithacus Phayৎei। এদের শরীরের (৫৩ সেমি) চেয়ে লেজ বড় (৭৬ সেমি)। গায়ের লোমের রং মেটে বাদামি থেকে কালচে বাদামি। বুক ও পেটের রং সাদাটে। চোখের চারপাশের লোম সাদা। দেখলে মনে হয় চশমা পরে আছে। এ জন্যই নাম হয়েছে চশমাপরা হনুমান। মুখের রংও সাদা। প্রাপ্তবয়স্ক হনুমানগুলোর মাথার লোম বেশ বড়, দেখে মনে হতে পারে পরচুলা পরে আছে। হাত-পায়ের রং কালো। বাচ্চাদের রঙ সাদা, গোলাপি, বাদামি মেশানো।অন্য হনুমানের চেয়ে এরা লাজুক। ঘন বনের ছায়াযুক্ত গাছে এরা দিনের বেলা সক্রিয় থাকতে পছন্দ করে। সহসা এদের চোখে পড়ে না। দলে তিন থেকে বাচ্চাসহ সাত-আটটি হনুমান একটি পুরুষ হনুমানের নেতৃত্বে চলাফেরা করে। সহজে মাটিতে নামে না।পুরুষ দলনেতা অনেক সময় মা হনুমানকে দ্রুত ঋতুমতী করার জন্য বাচ্চাদের মেরে ফেলে। তবে এই অপকর্মটি করা হয় সাধারণত দলে কোনো নতুন হনুমান দলপতির উত্থান ঘটার সূত্রপাত হলে। আগের দলপতির বংশ নিপাতের একটি পরিকল্পনাও থাকে এই হত্যাকাণ্ডে।চশমাপরা হনুমান গাছের নতুন পাতা, ফুল, ফল, বীজ, কীটপতঙ্গ, পাখির ডিম খেয়ে জীবনধারণ করে। গাছের পাতায় লেগে থাকা শিশির চেটে, পানিবহুল লতাপাতা খেয়ে পানির চাহিদা মেটায় এরা। দেশের জঙ্গলগুলো ছোট এবং ফাঁকা হয়ে যাওয়ায় চশমাপরা হনুমানের সংখ্যাও আশঙ্কাজনক হারে কমে গেছে।