চশমাপরা তিনটি হনমুান গতকাল শনিবার মৌলভীবাজার শহরের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্যালয়ের কাছে একটি কড়ইগাছে এসে আশ্রয় নেয়। এ হনুমান দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করে।এলাকাবাসী জানান, গতকাল বিকেলে মৌলভীবাজার শহরের সওজের কার্যালয়ের কাছে কড়ইগাছে তিনটি হনুমান দেখতে পান তাঁরা। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। লোকজন হনুমানকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকলে হনুমানগুলো কড়ইগাছের উঁচু ডালে গিয়ে আশ্রয় নেয়।শহরতলির জগন্নাথপুর এলাকার মো. তারা মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘সকালে হনুমানগুলো আমাদের বাগানের গাছে ছিল। বাচ্চারা দেখে ভয় পেয়েছে। দুপুরের পর এগুলো শহরের দিকে চলে আসে।’এদিকে বন বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে লাউয়াছড়া জাতীয় উদ্যান। সেখান থেকে দলছুট হয়ে কোনো কারণে হনুমানগুলো শহরের দিকে চলে এসেছে। ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের মৌলভীবাজার বিটের কর্মকর্তা চন্দন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘লোকজনকে সরিয়ে হনুমানগুলোকে পর্যবেক্ষণ করা হবে। সময় গেলে হনুমানগুলো ক্ষুধার্ত হয়ে উঠবে। তখন খাদ্য দেখিয়ে নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। তখন এগুলো ধরে বা কোনোভাবে বনের দিকে নিয়ে যাওয়া হবে।’সর্বশেষ গতকাল রাত আটটায়ও হনুমানগুলো সওজের কার্যালয়ের কাছে কড়ইগাছটিতেই ছিল।চশমাপরা হনুমানের বৈজ্ঞানিক নাম Trachypithecus phayrei (আগে নাম ছিল Presbytis phayrei)। এরা সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের বনাঞ্চলে বসবাস করে। এদের পিঠ ও লেজ ধূসর-কালো কিংবা গাঢ় বাদামি রঙের এবং নিচের দিকটা সাদাটে-ধূসর রঙের হয়। এদের চোখ ও মুখ ঘিরে সাদা বলয় রয়েছে। দেখে মনে হয়, যেন চশমা পরে আছে। পুরুষ ও স্ত্রীর দেহের দৈর্ঘ্য যথাক্রমে ৫০ থেকে ৫৫ সেন্টিমিটার এবং ৪৫ থেকে ৫৩ সেন্টিমিটার। লেজ ও শরীর প্রায় সমান লম্বা।বাঘ বিশেষজ্ঞ খসরু চৌধুরী গতকাল প্রথম আলোকে জানান, চশমাপরা হনুমান গাছের পাতা, ফল ও কুঁড়ি খেয়ে থাকে। কিছু ক্ষেত্রে পোকাও খায়। এরা পানি খেতে কখনো নিচে নামে না। বৃষ্টির পানি লোমে সংরক্ষণ করে পরে খায়।চশমাপরা হনুমানেরা তিন বা পাঁচটি মিলে একটি দল করে। একটি দলে একটি বা দুটি পুরুষ থাকে। ১২ থেকে ১৫ বছর পর্যন্ত এরা বাঁচে।