চা খেয়ে পয়সা দেন না, চাইলে মামলার ভয় দেখান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চা খেয়ে পয়সা দেন না, দোকান থেকে বাকিতে মাল নেওয়ার পর টাকা চাইলে বলেন, আসামি আটক করলে পাবি। জোর করে টাকা ধার নেন, পরে আর ফেরত দেন না। টাকা চাইলে মামলার ভয় দেখান।’ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার বাজারের ব্যবসায়ীদের এসব অভিযোগ তালসার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলীর বিরুদ্ধে। তাঁর এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে দোকানদারেরা গতকাল মঙ্গলবার সকাল থেকে দোকানপাট বন্ধ করে ধর্মঘটে গেছেন।তালসার বাজারের একাধিক ব্যবসায়ী জানান, শাহজাহান আলী বাজারে এলে দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন। সবার ভয়, কার কাছ থেকে বাকি নেন, কার কাছে ধার চান। তাঁকে বাজারে আসতে দেখলে অনেক দোকানি দোকান ছেড়ে দূরে সরে যান।বাজারের শরমী ইলেকট্রনিকসের মালিক বদিউজ্জামান জানান, তাঁর দোকান থেকে এসআই শাহজাহান বিভিন্ন সময় ৭১৩ টাকার মালামাল বাকি নিয়েছেন। কিন্তু টাকা চাইলে বলেন, ‘একটা আসামি আটক করি, তারপর তোর টাকা দেব। টাকা আয় না হলে কীভাবে দেব।’ আরেক ব্যবসায়ী আসাদুল হক জানান, বাজারে এলেই তাঁর দোকান থেকে কোমল পানীয় পান করে প্রায়ই টাকা দেন না। গত রোববার ওই কর্মকর্তা তাঁর দোকানে আসেন, কর্মচারীর কাছে একটা পানীয় দাবি করেন। কিন্তু কর্মচারী রুবেল দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে মারধর করতে যান। তিনি (আসাদুল) প্রতিবাদ করলে শাহজাহান তাঁকেও মারধর করেন। তিনিও বিচার চেয়ে বাজার কমিটির কাছে লিখিত আবেদন করেছেন। মতিয়ার রহমান নামের একজন চা বিক্রেতা জানান, পুলিশের ওই কর্মকর্তা প্রায়ই তাঁর দোকানে এসে চা পান করেন, কিন্তু পয়সা দেন না। পয়সা চাইলে মামলার ভয় দেখান। আরেক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই কর্মকর্তা মাস তিনেক আগে তাঁর দোকানে এসে সমস্যার কথা বলে টাকা ধার চান। কিন্তু সেই টাকা আর ফেরত দেননি।তালসার বাজার কমিটির আহ্বায়ক মসিউর রহমান জানান, ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে তাঁকে অপসারণের দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। তিনি জানান, গতকাল সকাল থেকে তাঁরা সব দোকানপাট বন্ধ রেখেছেন। শাহজাহানের অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা দোকান খুলবেন না। তিনি জানান, দোকানপাট বন্ধের খবর পেয়ে স্থানীয় কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল এসেছিলেন। তিনি ব্যবসায়ীদের কথা শুনে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছেন।ওসি মামুনুর রশিদ মণ্ডল জানান, তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।এসআই শাহজাহান বলেন, তিনি ফাঁড়ির দায়িত্বে আছেন নয় মাস। তিনি যোগদান করার আগে এলাকাটি ছিল সন্ত্রাস ও চুরি-ডাকাতির কর্মকাণ্ডে ভরা। তিনি আসার পর এগুলো বন্ধ হয়েছে। মালামাল নিয়ে পয়সা না দেওয়া, ধার দিতে বাধ্য করা, মামলার ভয় দেখানোর বিষয় তিনি অস্বীকার করেন।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার যোবায়েদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন।