চা পানে চালক অজ্ঞান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা নয়, চট্টলা ট্রেনের চালকের ভুলই নরসিংদীতে ট্রেন দুর্ঘটনার কারণ বলে মনে করছে রেলওয়ের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। লাল সংকেত অমান্য করে চালক চট্টলা ট্রেনটি মহানগর গোধূলী ট্রেনের ওপর তুলে দেন। একজন সহকারী চালক তদন্ত কমিটিকে বলেছেন, চা পান করে তাঁরা অজ্ঞান হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।এ অবস্থায় সহকারী চালক ও গাড়ির পরিচালক ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু এ দুজনও দায়িত্ব পালন করেননি। তাই কমিটি চালক রফিক উদ্দিনের পাশাপাশি সহকারী চালক মাঈন উদ্দিন ও ট্রেনের পরিচালক ইসমাইল মিয়াকে দায়ী করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। তদন্ত-সংশ্লিষ্ট এবং রেলওয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন। জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি তিনি হাতে পেয়েছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। গতকাল সোমবার বিকেলে তদন্ত প্রতিবেদনটি রেলওয়ের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কাছে এটি পাঠানো হবে আজ। তিন সদস্যের এই কমিটির প্রধান রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধা। ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও পরে তিন দিন সময় বাড়িয়ে গতকাল তা জমা দেওয়া হয়।যোগাযোগমন্ত্রী গতকাল রাতে ফোনে প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি এখনো তিনি হাতে পাননি। তবে প্রতিবেদনের মূল বিষয়বস্তু তাঁকে অবহিত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আজই ব্যবস্থা নেওয়া হবে।রেলওয়ের একটি সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, চট্টলার সহকারী চালক মাঈন উদ্দিন কমিটিকে বলেছেন, ভৈরব এসে প্ল্যাটফরম থেকে চা কিনে ফ্ল্যাস্কে রেখে পান করার পরই তাঁরা ঝিমাতে থাকেন। নরসিংদীর কাছাকাছি আসার পর পুরোপুরি অজ্ঞান হয়ে যান চালক ও সহকারী চালক। প্রতিবেদনে বলা হয়, চট্টলার চালক রফিক উদ্দিন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এখনো পুরোপুরি সুস্থ হননি। তাই তদন্ত কমিটি সহকারী চালকের বক্তব্যকে বিবেচনায় নিয়েছে।এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি ভৈরব স্টেশন থেকে সব ধরনের চায়ের দোকান তুলে দেওয়ার সুপারিশ করেছে।এর আগে ২০০৮ সালে চট্টগ্রাম মেইল ট্রেনের চালক সংকেত অমান্য করেছিলেন। গাজীপুরের পুবাইল স্টেশনের কাছে এসে অন্য আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার আগমুহূর্তে দায়িত্বরত পুলিশ ও ট্রেনের পরিচালক চেইন টেনে ট্রেনটি থামান। ওই ঘটনার তদন্ত প্রতিবেদনে একই কারণ উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ ওই চালকও ভৈরব থেকে চা পান করার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।তবে চা পান করে অজ্ঞান হওয়ার তত্ত্ব রেল কর্মকর্তাদের অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ওই স্টেশনে অন্যরা চা পান করে অজ্ঞান না হয়ে শুধু ট্রেন চালকই অজ্ঞান হন কেন? বারবার একই যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না। রেলওয়ে সূত্র জানায়, একই কারণ উল্লেখ করে বিভাগীয় কর্মকর্তা পর্যায়ের অপর তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে। ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।দুটি তদন্ত প্রতিবেদনেই বলা হয়, চট্টলা ভৈরব স্টেশনে যাত্রাবিরতি করার পর সহকারী চালক মাঈন উদ্দিন প্লাটফরমের একটি দোকান থেকে ফ্ল্যাক্সে করে চা কেনেন। ওই চায়ে অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল। ধারণা করা হচ্ছে, সাধারণ যাত্রী ভেবে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের টার্গেট করে। এরপর ওই চা চালক রফিক উদ্দিন ও সহকারী চালক মাঈন উদ্দিন দুজনই পান করেন। ট্রেনটি ভৈরব স্টেশন ছাড়ার পর নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করা পর্যন্ত দুই চালকই স্বাভাবিক ছিলেন। কিছুদূর যাওয়ার পর তাঁরা ধীরে ধীরে অচেতন হতে থাকেন। নরসিংদী স্টেশনে যাওয়ার আগেই তাঁরা পুরোপুরি অচেতন হয়ে পড়েন।প্রতিবেদনে দুর্ঘটনা রোধে উচ্চপর্যায়ের কমিটি ১১টি এবং বিভাগীয় পর্যায়ের কমিটি পাঁচটি সুপারিশ করে। উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো: রেলওয়ের বিভিন্ন দপ্তরে লোকবল বৃদ্ধি, অপরাধপ্রবণ স্টেশনগুলোর প্লাটফরম থেকে হকার উচ্ছেদ ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের টঙ্গি থেকে ভৈরব পর্যন্ত নতুন লাইন স্থাপন, চালক, স্টেশনমাস্টার ও ট্রেন পরিচালকের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার ব্যবস্থা ইত্যাদি।প্রসঙ্গত, ৮ ডিসেম্বর বিকেলে নরসিংদীতে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলী ও ঢাকাগামী চট্টলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দাঁড়িয়ে থাকা এক চালকসহ অন্তত ১৩ জন নিহত হন।