চা-বাগান দখলের নেতৃত্বে আ.লীগ, গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা-বাগানের দখল নিয়ে গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। গুলি, লাঠিসোঁটা ও রডের আঘাতে আহত হয়েছেন ২৫ জন। এ সময় দখলদারেরা চা-বাগানের ব্যবস্থাপকের বাংলোসহ দুটি ভবন ও বাগানের দুটি গাড়ি পুড়িয়ে দেয়।নন্দরানী চা-বাগানের মালিকানা দাবিদার এক ব্যক্তির পক্ষে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতৃত্বে আট শতাধিক লোক গতকাল ওই বাগান দখল করতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী গ্রামবাসী।নিহত ব্যক্তিরা হলেন: চা-বাগানের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব কাজী ফখরুল ইসলাম (৬৫) ও কমলগঞ্জের ধলাইরপাড় গ্রামের জাহিদ মিয়া (২৫)। ফখরুলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, সংঘর্ষে ধলাইরপাড় গ্রামের শুক্কুর মিয়াও (২৭) নিহত হন। কিন্তু ঘটনার পরপর তাঁর লাশ সরিয়ে ফেলে দখল করতে আসা সন্ত্রাসীরা।মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন-অর রশীদ গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সময় উভয় পক্ষের গুলিবিনিময়ে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বর্তমানে চা-বাগান পুলিশের নিয়ন্ত্রণে আছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চা-বাগান এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে। পুলিশ পুরো বিষয়টি খুব সতর্কতার সঙ্গে তদন্ত করে দেখছে। যোগাযোগ করলে নন্দরানী চা-বাগানের মহাব্যবস্থাপক (জিএম) জহির আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ বাগানের আগের মালিক ছিলেন সিলেটের জনৈক নির্মল চৌধুরী। তাঁর স্ত্রী শুক্লা চৌধুরীর কাছ থেকে ১৯৯৯ সালে বাগানটি কেনেন সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী। তবে কেনার দলিলটি অনিবন্ধিত ছিল। শুক্লা চৌধুরী মারা যাওয়ার ১২ বছর পর তাঁর মেয়ে শুভ্রতা আহমেদ চৌধুরী গত অক্টোবর মাসে বাগানের মালিকানা দাবি করেন এবং তা আমমোক্তারনামার (পাওয়ার অব অ্যাটর্নি) মাধ্যমে সিলেটের সাদত রহিম চৌধুরীর কাছে বিক্রি করেন।জিএম জহির বলেন, বাগানের দখল নিতে সাদতের লোকজন গত বুধবার কমলগঞ্জের কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে ব্যর্থ হন। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু বাগান দখলের উদ্দেশ্যে গতকাল সকাল থেকে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলী, অর্থ সম্পাদক সুলেমান মিয়া, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল আহমদের নেতৃত্বে আট শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে বাগানের সামনে জড়ো হয়। এ সময় বাগানের মালিকানা দাবিকারী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। দখলের খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে দেখা যায়, নন্দরানী চা-বাগানের কার্যালয়ের সামনে কমলগঞ্জ আওয়ামী লীগের অনেক নেতা দাঁড়িয়ে। তাঁদের সঙ্গে ছিল রড, লাঠিসোঁটা, দাসহ বিপুলসংখ্যক ব্যক্তি। সেই সঙ্গে ছিল শতাধিক পুলিশ। বেলা দেড়টার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) আহাদ আলীর উপস্থিতিতে মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুষ্পকুমার কানু উভয় পক্ষের সঙ্গে সমঝোতার আলোচনা করছিলেন। কিন্তু বেলা দুইটার দিকে হঠাৎ করে চা-বাগান কর্তৃপক্ষের লোকজন ও শ্রমিকদের ওপর হামলা চালায় দখলকারীরা। তারা ব্যবস্থাপকের বাংলো, অফিস ভবন ও চা-বাগানের দুটি গাড়ি পুড়িয়ে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি গুলিবিনিময় হয়। গুলিতে ঘটনাস্থলেই সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব কাজী ফখরুল ইসলামসহ দুজনের মৃত্যু হয়। গুলি, লাঠিসোঁটা ও রডের আঘাতে আহত হন আরও ২৫ জন।আহত ব্যক্তিরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। এর মধ্যে মাথায় ও মুখমণ্ডলে গুলিবিদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আফাই মিয়া ও ধলাইরপাড় গ্রামের সুলতান মিয়া। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আফাই মিয়া প্রথম আলোকে বলেন, ইসলামপুর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সুলেমান মিয়ার নির্দেশে তিনি ২৮ জন সঙ্গী নিয়ে দখল ও সংঘর্ষে অংশ নিয়েছিলেন। সুলতান মিয়া বলেন, তিনি আওয়ামী লীগের নেতা আসিদ আলীর নির্দেশে সংঘর্ষে অংশ নেন। এএসপি আহাদ আলী ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, মূলত চা-বাগানের মালিকানা নিয়ে বিরোধ। বেলা দুইটা পর্যন্ত দুই পক্ষের সমঝোতার সুযোগ ছিল। এরপর হঠাৎ করে কীভাবে যে কী হয়ে গেল, তা বোঝা যায়নি। সংঘর্ষের ঘটনার জন্য উভয় পক্ষকে দায়ী করেছেন দুই পুলিশ কর্মকর্তা।মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্পকুমার কানু প্রথম আলোকে বলেন, এএসপি আহাদ আলী ও ওসি অমূল্য কুমার চৌধুরীর অনুরোধে তিনি সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড ও মালিকানা দাবিদার সাদত রহিম চৌধুরীর পক্ষে হামলায় অংশ নেওয়া মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক নেতা কামাল আহমদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নিয়েছিলেন। এক পক্ষ সমঝোতায় রাজি হলেও কামাল বাহিনীর অন্তত ৫০ জন লোককে বৈঠকে এবং নন্দরানী চা-বাগানের ভেতরে অবস্থান করার ব্যবস্থা করে দিতে হবে বলায় সমঝোতা বৈঠক হয়নি। এরপর হঠাৎ করে বিপুলসংখ্যক সশস্ত্র লোক এসে হামলা করে আগুন দিয়ে বাগানের দখল নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন গুলিবিনিময় করে।আওয়ামী লীগের নেতাদের বক্তব্য: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিদ্দিক আলী দাবি করেন, তিনি ওই দখল-হামলায় জড়িত নন। ঘটনার সময় তিনি কুরমা বাঁশ মহালে ছিলেন।তবে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন, হামলার সময় সিদ্দিক আলী ঘটনাস্থলে ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান ও মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলীর মুঠোফোনে কল দিলে তাঁরা কথা বলেননি।নন্দরানী চা-বাগানের মালিকানা দাবিকারী শুভ্রতা আহমেদ চৌধুরী ও সাদত রহিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।