চা বাগানে শিক্ষার করুণ হাল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের প্রাথমিক শিক্ষার অবস্থা খুবই করুণ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার ১০টি বিদ্যালয়ের কেউ পাস করেনি। এর মধ্যে চা বাগানের বিদ্যালয়ই নয়টি। অভিযোগ রয়েছে, চা বাগানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে লেখাপড়া হয় না। চা বাগান কর্তৃপক্ষ খাতা-কলমে দুইজন শিক্ষকের নিয়োগ দিলেও তারা বেশিরভাগ সময়ই চা বাগানের কার্যালয়ে কাজ করেন। এ ছাড়াও কোনো কোনো চা বাগানের বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছেন, যা সরকারি নীতির পরিপন্থী। গত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে চা বাগানে প্রাথমিক শিক্ষাব্যবস্থার করুণ চিত্র প্রকাশ পেয়েছে। ওই পরীক্ষায় উপজেলার ২০৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি—এমন বিদ্যালয়ের সংখ্যা ১০টি। এর মধ্যে নয়টি বিদ্যালয়ের অবস্থান চা বাগানের ভেতরে এবং এর আটটিই চা বাগান পরিচালিত।শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় টিপরাছড়া চা বাগান পরিচালিত প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেও পাস করতে পারেনি। পুটিয়াছড়া চা বাগান পরিচালিত বিদ্যালয়ের সাতজনের কেউ পাস করেনি। বর্মাছড়া চা বাগান পরিচালিত বিদ্যালয়ের চারজন এবং বর্মাছড়া ক্যাথলিক বিদ্যালয়ের দুইজনের কেউ পাস করেনি। উদনাছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় থেকে নয়জন, জাগছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় থেকে তিনজন, শিশেলবাড়ি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন, সিন্দুরখান চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের তিনজন, মোহাজেরাবাদ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন এবং পশ্চিম আশিদ্রোণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আটজন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করেনি। চা বাগানের বিদ্যালয়গুলোতে সরকারের নীতিমালা অনুযায়ী শিক্ষক নেই। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পড়ানো হয় না। শিক্ষকদের দিয়ে চা বাগানের কার্যালয়ে কাজ করানো হয়।এসব অভিযোগ সম্পর্কে ব্যক্তিমালিকানাধীন চা বাগানের কয়েকজন ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মালিকরা যেভাবে চান, আমরা তো সেভাবেই চালাই।’ উপজেলা প্রাথমিক শিক্ষা-কর্মকর্তা কিশোলয় ভট্টাচার্য্য জানান, চা বাগানের প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে উপজেলা পরিষদের সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত বছরের (২০০৯) জুন মাস থেকে এ পর্যন্ত চারবার বৈঠক করা হয়েছে। এসব বৈঠকে চা বাগানের মালিকপক্ষের প্রতিনিধি, কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিটি চা বাগানের বিদ্যালয়ে চারজন শিক্ষক নিয়োগসহ বিদ্যালয়ের নামে পাঁচ হাজার টাকার স্থায়ী ও দুই হাজার টাকার সঞ্চয়ী হিসাব খুলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ বলেন, ‘চা বাগানের বিদ্যালয়গুলো এমপিওভুক্ত হওয়ার আগ পর্যন্ত চারজন শিক্ষকের বেতন-ভাতা চালানোর ব্যাপারটি নিয়ে বাগান কর্তৃপক্ষ ভিন্নমত পোষণ করেছে। আমরা বলেছি, উপজেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।’ উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি রণধীর কুমার দেব বলেন, চা বাগানের শ্রমিকের শিশুদের শিক্ষার দায়িত্ব চুক্তি অনুযায়ী চা বাগান মালিকদের। মালিকরা নামমাত্র একটি বিদ্যালয় চালু করে এক-দুইজন শিক্ষক দিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। সরকারি নীতিমালা অনুযায়ী একটি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক থাকতে হবে। অথচ সরকারের নীতিমালা বাস্তবায়নে আইনগতভাবে চা বাগান কর্তৃপক্ষ বাধ্য। এদিকে, এ ব্যাপারে কথা বলতে কোনো চা বাগান মালিক সম্মত হননি।