চা-বাগানে শুভ্র মেডলা
ভোরের আলো ফোটার আগেই রাতের দূরগামী ট্রেনটি আমাদের কুলাউড়া স্টেশনে নামিয়ে দিল। তখন হেমন্তের কুয়াশাভেজা বাতাস বিপরীত প্ল্যাটফর্মের ধোঁয়া ওঠা কেটলির দিকে আমাদের দৃষ্টি নিয়ে যায়। জনা কয়েক খদ্দরের সঙ্গে আমরাও যোগ দিই চা পানে। তারপর অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ি বড়লেখা উপজেলার দিকে। দৃষ্টিসীমা থেকে দুই পাশের নিপাট দৃশ্যগুলো দ্রুত সরে যাচ্ছিল। হঠাৎ একগুচ্ছ সাদা ফুল দেখতে না-দেখতেই অদৃশ্য হয়ে গেল।পরের দিন আবার সেই ফুলটির দেখা পেলাম সমনবাগ চা-বাগানে। চারপাশে বেশ কিছু গাছ ছড়িয়ে আছে। গুল্মশ্রেণীর এই গাছগুলো বাগানে ছায়াবৃক্ষ হিসেবে ব্যবহূত হয়। আগে চা-বাগানগুলোতে ছায়াবৃক্ষ হিসেবে কড়ইগাছই বেশি দেখেছি। চা-শ্রমিকেরা জানালেন, এই গাছের নাম মেডলা (Tephrosia candida)। সিলেটের আঞ্চলিক নাম বগুই। কোথাও কোথাও বাংগারা নামেও পরিচিত। ইংরেজি নাম White Tephrosia। আদি আবাস ভারত, ভুটান ও হিমালয়ের পাদদেশের উপ-উষ্ণাঞ্চলের অনুচ্চ পাহাড়। ইদানীং দক্ষিণ-পূর্ব এশিয়ার চা-বাগানগুলোতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। তা ছাড়া সারা বিশ্বের উষ্ণমণ্ডলীয় দেশগুলোতেও সহজলভ্য। ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছুটা উঁচু ও মাঝারি ঘনত্বের বন পছন্দ। অতিরিক্ত ঠান্ডা কিংবা জলাবদ্ধতা এদের বেঁচে থাকার ক্ষেত্রে প্রধান অন্তরায়।গাছ গুল্মশ্রেণীর, আড়াই থেকে সাড়ে তিন মিটার পর্যন্ত উঁচু হতে পারে। ডালপালা কিছুটা ছড়ানো বা বিক্ষিপ্ত ধরনের। পাতা বেশ ছন্দোবদ্ধ, বিপ্রতীপভাবে বিন্যস্ত। ততটা ঘনবদ্ধ নয়, ৫ থেকে ১১ মিলিমিটার লম্বা, কোমল, গাঢ় সবুজ, কিনারা সরু রুপালি রেখায় চিত্রিত। দুধ-সাদা রঙের মুক্ত পাপড়ির ফুলগুলো ৫ থেকে ১৩ মিলিমিটার দীর্ঘ, বাইরের আবরণ ধূসর বাদামি রোমে আবৃত। বৃতি ঘণ্টাকৃতির, ১৩ থেকে ১৫ মিলিমিটার দীর্ঘ, ফোটে পর্যায়ক্রমে। পাপড়ির অভ্যন্তর ভাগ অসংখ্য অগভীর রেখায় চিত্রিত, মাঝখানে সুস্পস্ট গভীর শিরা। ফুল শেষ হতে না-হতেই আসে ফল। ফল শিমগোত্রীয়, চ্যাপ্টা, ৭ থেকে ১২ সেন্টিমিটার লম্বা, তলোয়ারসদৃশ এবং বীজ প্রায় ২০টি। বেশি পরিপক্ব ফল আপনাআপনিই ফেটে গিয়ে ছড়িয়ে পড়ে।সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার উচ্চতায়, যেখানকার তাপমাত্রা সারা বছর ১৮ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না, বার্ষিক গড় বৃষ্টিপাত ৭০০ থেকে ২৫০০ মিলিমিটার, এমন আবহাওয়ায় মেডলা ভালো জন্মে। মালয়েশিয়ার আবহাওয়ায় প্রায় সারা বছর ফুল ফুটলেও ভিয়েতনামে ফোটে বছরে দুই মাস। গাছের পাতা উৎকৃষ্ট পশুখাদ্য; শুকনো পাতা পোকামাকড় দমনে কার্যকর এবং পুরোনো গাছ জ্বালানি হিসেবে ব্যবহার্য।