চাঁইয়ে কাপড় চাঁইয়ে ভাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের চলনবিল। এই বিলের দক্ষিণ অংশে গুরুদাসপুর উপজেলার একটি ইউনিয়ন ধারাবরিষা। বর্ষায় থই থই পানি আর শুকনো মৌসুমে চারদিকে মাঠের পর মাঠ ধানখেত। প্রত্যন্ত এই অঞ্চলের অভাবী মানুষ শুকনো মৌসুমে দিনমজুরিসহ নানা কাজ করে সংসার চালায়। কিন্তু বর্ষায় তাদের হাতে বিকল্প কোনো কাজ থাকে না। একটা সময় ছিল, যখন বর্ষা এলেই খেয়ে না-খেয়ে দিন কাটছিল তাদের। তবে এখন আর সেই কষ্ট নেই। মাছ ধরার ফাঁদ (চাঁই) তৈরি করে অভাব ঘুচিয়েছে ধারাবরিষার প্রায় চার হাজার পরিবার। বাঁশ আর তালের ডাগুরের আঁশকে পুঁজি করে বদলে ফেলেছে নিজেদের ভাগ্য।কবে থেকে শুরু: ধারাবারিষা গ্রামে ঠিক কবে থেকে কে চাঁই তৈরি শুরু করেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারেন না। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের মতে, অন্তত ২০০ বছর থেকে চাঁই তৈরি করে বর্ষা মৌসুমের অভাব দূর করছেন এই এলাকার মানুষ। বংশপরম্পরায় প্রায় সাড়ে চার হাজার পরিবার এই চাঁই তৈরি করছেন। ধারাবারিষা ছাড়াও বড়াইগ্রাম উপজেলার চামটা, দ্বারিকুশি, মাড়িয়া, শ্রীরামপুর, তারানগর এবং নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কিছু মানুষ চাঁইয়ের কাজ করেই বেঁচে আছে। ব্যস্ত তাঁরা: সম্প্রতি ধারাবরিষা, খাকড়াদহ, চলনালী, শিধুলী, চরকাদহ, উদবারিয়া, পোয়ালশুড়া, সোনাবাজু গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়িতেই চলছে চাঁই তৈরির কাজ। কেউ বাঁশ কাটছেন, কেউ বাঁশ চিরে খিল তৈরি করছেন। কেউ আবার তালের ডাগুর থেকে আঁশ তৈরি করছেন। সব বয়সী নারী-পুরুষই চাঁই তৈরির কাজে ব্যস্ত। যেন দম ফেলার ফুরসত নেই কারও। কাজের ফাঁকে ফাঁকে তাঁদের কয়েকজনের সঙ্গে কথা হলো। জানা গেল, এখন ভরা মৌসুম, চাঁইয়ের চাহিদা অনেক বেশি। তাই এখন তাঁদের ব্যস্ত সময়। কেউ কেউ সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন। শিধুলী গ্রামের আমিন উদ্দিন জানালেন চাঁই তৈরির কৌশল। চাঁই তৈরির প্রধান উপকরণ বাঁশ, বেত আর তালের ডাগুর। এলাকায় বেতের চাষ কমে যাওয়ায় তালের ডাগুর দিয়েই এখন বেশি চাঁই তৈরি করা হচ্ছে। প্রথমে তালের ডাগুর আট থেকে ১০ দিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। পরে ওই ডাগুরগুলো থিতিয়ে আঁশ ছড়ানো হয়। এই আঁশ দিয়ে চাঁই বাঁধার কাজ করা হয়। বাঁশও তালের ডাগুরের মতো পানিতে ভিজিয়ে রাখতে হয়। ওই ভেজা বাঁশ রোদে শুকানোর পর দা দিয়ে চিরে দুই ভাগ করে চাঁইয়ের দুই পাশ আটকানোর জন্য ব্যবহার করা হয়।সফল যাঁরা: মাড়িয়া গ্রামের রিপন ও তাঁর স্ত্রী দুজনই চাঁই তৈরির কাজ করেন। দিনে তাঁরা দুই থেকে তিনটা চাঁই তৈরি করতে পারেন। রিপন সপ্তাহে শনিবার ও মঙ্গলবার চাঁচকৈড় ও ধারাবারিষা হাটে গিয়ে এই চাঁই বিক্রি করেন। হাটে প্রতি কুড়ি (২০টি) চাঁই চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়। তৈরিতে খরচ পড়ে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। তবে নিজের বাঁশ ও তালগাছ থাকলে চাঁই তৈরির খরচ অনেক কমে যায়। চরকাদহ গ্রামের ফারুক হোসেন জানান, বাপ-দাদার কাছ থেকে এ কাজ শিখেছেন। এই কাজ করেই তাঁর সংসারের অভাব দূর হয়েছে। চাঁই তৈরির কাজ করেই চরকাদহ গ্রামের হারেজ মিয়ার সংসারে অভাব দূর হয়েছে। বিয়ে দিয়েছেন দুই মেয়েকে। দুই ছেলের একজন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। উদবাড়িয়া গ্রামের শফিউদ্দিন, ধারাবরিষা আয়নাল হকসহ অনেকেই নিজের ভাগ্য বদলে ফেলেছেন চাঁইয়ের কাজ করে। উদবারিয়া গ্রামের মালেক হাসান (৫৫) জানান, বংশপরম্পরায় এই কাজ শিখেছেন। আগে বেশ লাভ ছিল। কিন্তু এখন চাঁই তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ কমে গেছে। বর্ষা মৌসুমে চাঁইয়ের চাহিদা বেশি থাকে। তাই দামটাও একটু বেশি পাওয়া যায়। চাঁই বিক্রির হাট: গুরুদাসপুরের মাছ ধরার এসব উপকরণ বিক্রির জন্য ধারাবারিষার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার ও চাঁচকৈড়ে বিশাল এলাকাজুড়ে বসে চাঁই বিক্রির হাট। এই হাটকে ঘিরে এলাকার কিছু মানুষ গড়ে তুলেছে আড়ত। তাঁরা চাঁই কিনে মজুদ করে সেগুলো বেশি দামে বিক্রি করে দেন বাইরে থেকে আসা মহাজনদের কাছে। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে। আড়তদার আ. ছাত্তার (৫৫) জানান, বেশ কয়েক বছর তিনি শুকনো মৌসুমে কম দামে চাঁই কিনে মজুদ করেন। বর্ষায় চাহিদা বেশি থাকায় বেশি দামে বিক্রি করেন। তাঁর মতো আড়তদারদের কাছ থেকে চাঁই কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে চাঁই কিনতে আসা ব্যাপারি আবদুল আহাম জানান, তিনি গুরুদাসপুরের চাঁচকৈড় ও ধারাবারিষা হাট থেকেই চাঁই কেনেন। চাঁই তৈরিতে এই এলাকার মানুষের জুড়ি মেলা ভার। তাঁরা যা বলেন: চাই তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, অনেকেই চাঁই তৈরির উপকরণ বাঁশ ও তালের ডাগুর কিনতে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হন। কঠোর পরিশ্রম করে যে লাভ করেন, তার অনেকটাই ওই সুদ পরিশোধ করতে চলে যায়। তাই সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান তাঁরা।ধারাবারিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, এই মানুষগুলো আগে অভাবী ছিল। চাঁই তৈরি করে তাঁরা নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি এত দিনে কুটির শিল্প হিসেবে দাঁড়িয়ে যেত। আর বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন বলেন, চাঁই তৈরি দরিদ্র ওই পরিবারগুলোর জন্য আশীর্বাদ বয়ে এনেছে।গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এন এম মঈনুল ইসলাম জানান, ‘গুরুদাসপুরের চাঁইপল্লির খবর আমাকে গর্বিত করেছে।’ তিনি চাঁই তৈরি, বেচাকেনা সব দেখেছেন। অনেকের সফলতার গল্পও শুনেছেন। তাঁর মতে, সরকারি-বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে এসে স্বল্প সুদে ঋণ দিলে এটি ছোটখাটো শিল্পে পরিণত হতো।