চাঁদপুর পৌর নির্বাচনে সংঘর্ষে পুলিশসহ আহত ১০, কেন্দ্র বাতিল
চাঁদপুরে ছেংগারচর পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার চারটি কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনায় ভোট গ্রহণ কিছু সময় বন্ধ ছিল।পৌরসভার ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বাতিল করা হয়েছে। একজন প্রার্থীর পক্ষে একতরফা ভোট সিলিংয়ের কারণে দুপুর ১২টার দিকে কেন্দ্রটি বাতিল করা হয়। কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উত্তর বেসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এমরান জানান, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দ্রুত পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের কারণে ওই কেন্দ্রে বেলা ১১টা থেকে পরবর্তী ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। এরপর আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। তিনি জানান, এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৫৮ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪০ ভাগ ভোট পড়েছে।কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান, বিএনপি-সমর্থিত প্রার্থী আমেনা বেগমের সমর্থক সাইফুল ইসলামসহ আহত সবাই প্রাথমিক চিকিত্সা নিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টায় পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বেসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের সিকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬ নম্বর ওয়ার্ডের ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।আমেনা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, মহাজোট প্রার্থী হাজি মো. বিল্লালের লোকজন সব কেন্দ্র দখল করে ভোট দিচ্ছে।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী শিকদার জানান, চারটি কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।ছেংগারচর ছাড়াও মঙ্গলবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ, মতলবসহ মোট ছয়টি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মেয়র পদে ৩৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫০ জন নারী প্রার্থী অংশগ্রহণ করেছেন। এসব পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪২ হাজার ৮৮ জন।