চাঁদপুর পৌরসভা নির্বাচন আপিল বিভাগে স্থগিত
চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে বহাল রয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। তবে আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন। একই সঙ্গে আদালত ৩১ জানুয়ারির মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে পক্ষদ্বয়কে নির্দেশ দিয়েছেন। ফলে পৌরসভাটির নির্বাচন আপাতত অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা যায়, নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় ভোটার মঞ্জুর ইসলাম গত বছর হাইকোর্টে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন এবং রুল জারি করেন। এতে স্থগিতাদেশ চেয়ে ওখানকার বাসিন্দা শফিকুর রহমান ভূঁইয়া আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছিলেন। চেম্বার বিচারপতির এ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে মঞ্জুর ইসলাম আপিল বিভাগে আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত আজ ওই আদেশ দেন।আদালতে মঞ্জুর ইসলামের পক্ষে আইনজীবী আমিরুল ইসলাম ও আবদুল মতিন খসরু এবং শফিকুর রহমান ভূঁইয়ার পক্ষে আইনজীবী ফিদা এম কামাল ও এ এম আমিন উদ্দিন মামলা পরিচালনা করেন।