চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে ভোটার তালিকা হালনাগাদ করে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ইতিপূর্বে ঘোষিত তফসিল অবৈধ ঘোষণা করা হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পৌরসভাটির নির্বাচন স্থগিত করা হয়েছিল। ২৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য ছিল।জানা গেছে, নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় ভোটার মঞ্জুর ইসলাম গত বছর হাইকোর্টে একটি রিট করেন। এরই পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচন স্থগিত করে রুল জারি করেন। এরপর রুলের স্থগিতাদেশ চেয়ে ওই এলাকার বাসিন্দা শফিকুর রহমান ভূঁইয়া আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। চেম্বার বিচারপতির এ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে মঞ্জুর ইসলাম আপিল বিভাগে আবেদন করেন। এই আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ বছরের ১০ জানুয়ারি তা মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত ৩১ জানুয়ারির মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।