চাঁদপুর-লক্ষ্মীপুরে পুলিশের তিন মামলা, ১৩ হাজার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের প্রায় ১৩ হাজার নেতা-কর্মীকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ। গত রোববার এ দুই জেলায় চারদলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও চারজন নিহত হওয়ার ঘটনায় এ মামলা করা হলো।লক্ষ্মীপুর সদর থানায় রোববার রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৮১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়-সাত হাজার জনকে আসামি করে মামলা করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল কামাল। চাঁদপুরে দুটি মামলায় বিএনপি-জামায়াতের ৫৯ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। তিনটি মামলাতেই আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। পুলিশ দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ার পর দলীয় নেতা-কর্মীরাও পাল্টা গুলি ছোড়ে।লক্ষ্মীপুর: মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই আবদুল জলিল জানান, পুলিশের কাজে বাধা দেওয়া, দুজনকে হত্যা, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। গতকাল পর্যন্ত বিএনপির তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: সদর উপজেলার চরমণ্ডল গ্রামের মাহামুদুর নবী সোহেল, টুমচরের মহিউদ্দিন ও বাঞ্চানগর গ্রামের মো. জুয়েল। তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছারোয়ার প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে বিক্ষোভকারীরাও পাল্টা গুলি ছোড়ে। এতে পুলিশের ২৬ জন সদস্য আহত হন।’ নিহত মো. রুবেল ও আবুল কাশেম পুলিশের গুলিতে নিহত হননি বলে দাবি করেন তিনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মামলার প্রধান আসামি সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিনা উসকানিতে পুলিশ আমাদের দুই নেতাকে গুলি করে মারার পর এখন উল্টো আমাদের ছয়-সাত হাজার জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তার এড়াতে জোটের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন।’চাঁদপুর: বিএনপি-জামায়াতের ৫৯ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় হাজার জন নেতা-কর্মীর বিরুদ্ধে রোববার রাতে দুটি মামলা করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন। একটি মামলায় আসামিদের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা, দাঙ্গা-হাঙ্গামা ও খুনের অভিযোগ আনা হয়েছে। ককটেলের বিস্ফোরণ ঘটানোর অভিযোগে অপর মামলাটি করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে এসব মামলায় আসামি করা হয়নি। তবে বিএনপি ও জামায়াতসহ অঙ্গ সংগঠনের যেসব নেতা-কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মামলায় তাঁদের নাম আছে।চাঁদপুর মডেল থানার ওসি জাকের হোসাইন জানান, উভয় মামলায় গতকাল পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: শরীফ বকাউল (২৪), রুবেল ঢালী (২২), আউয়াল বেপারী (২৫), আল আমিন শেখ (২০), কুদ্দুস বেপারী (১৮), বিল্লাল (২২) ও সুমন চন্দ্র সূত্রধর (২০)।বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মমিনুল হক বলেন, ‘সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ মামলা করেছে।’মমিনুল হক জানান, পুলিশের গুলিতে বিএনপির দুজন কর্মী নিহত হওয়ার ঘটনায় দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি ও জামায়াত। এর মধ্যে আজ মঙ্গলবার সকাল আটটায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে শোকসভা, কাল বুধবার জেলার সব মসজিদে দোয়া ও মিলাদ।স্মারকলিপি: গতকাল বিকেলে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি ও জামায়াত। এতে আবুল হোসেন মৃধা ও লিমন ছৈয়ালের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ, সদর থানার ওসিকে অপসারণ ও নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।