চাঁদপুর সদর মডেল থানার এসআই বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্বে অবহেলার দায়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. শহীদুল্যাহ চৌধুরী এ কথা জানিয়েছেন। পুলিশ সুপার বলেন, দায়িত্বে অবহেলার কারণে এসআই জহিরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জহির বলেন, ‘আমি দায়িত্বে কখনো কোনো অবহেলা করিনি।’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর এলাকার বখাটে এক যুবক বিষ্ণুপুর বালুধুম উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহির।তদন্তকাজে এসআই জহির গাফিলতি করেছিলেন বলে অভিযোগ ওঠে। তবে এ ব্যাপারে জহির বলেন, ‘মামলাটি হয়েছে মাত্র দুদিন হলো। এর জন্য এমন শাস্তি পাব ভাবিনি।’