চাঁদপুরে আগুন, ভাঙচুর, অবরোধ (ভিডিও)
চাঁদপুর শহরে আজ মঙ্গলবার হরতাল-সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হন। চাঁদপুর-কুমিল্লা সড়কের ১০ কিলোমিটার এবং চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের পাঁচ কিলোমিটার এলাকায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয় চাঁদপুর-লাকসাম রেলপথে হাজীগঞ্জ এলাকার রেললাইনের স্লিপারে। এ ছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জের মনতলায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেন হরতালকারীরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় আজ সকাল আটটার দিকে হরতালের পক্ষে ও বিপক্ষে বের হওয়া দুটি মিছিল মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে আহত হন কমপক্ষে পাঁচজন। শহরের কলেজ গেট এলাকায় দুপুরে পুলিশের একটি গাড়ী ভাঙচুর করেছেন হরতালকারীরা। এ সময় পুলিশ দুজনকে আটক করে। পুলিশ জানায়, শহরের নতুনবাজার-পুরানবাজার ব্রিজ থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর-কুমিল্লা সড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে গাছ ও গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের পাঁচ কিলোমিটার এলাকায় শতাধিক গাছ কেটে ফেলে রাখা হয়েছে।হরতালকারীরা চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ এলাকায় রেললাইনের স্লিপারে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুপুরে হাজীগঞ্জ বাজারে হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল করার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এ ছাড়া হরতালকারীরা চাঁদপুরের ফরিদগঞ্জের মনতলায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ঢাকা বা নারায়ণগঞ্জের উদ্দেশে কোনো লঞ্চও ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।