চাঁদপুরে আগুনে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের চৌধুরী ঘাট এলাকায় আজ রোববার ভোরে আগুন লেগে ১৫টি টিম্বার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ভোর চারটার দিকে ডাকাতিয়া নদীসংলগ্ন কাঠ ব্যবসায়ীদের পূর্ব পাশের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। কয়েলের আগুন অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে বিপুল পরিমাণ কাঠ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়। এতে একটি দ্বিতল ভবন, একটি আধাপাকা ঘরসহ ১৫টি কাঠের টিম্বার পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে তিনি জানান।