চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক মাদকসেবী, বিক্রেতা ও ব্যবসায়ীসহ মোট ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর শাহীন খান তাঁদের এ সাজা দেন।আটককৃতদের মধ্যে হাসান বেপারীকে (৫০) এক বছর, ছিডু মিজিকে (২৮) দুই বছর সশ্রম কারাদণ্ড, মনি বেগমকে (৪৫) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং যুগল ঘোষ (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নয়জনকে ছয় মাস ও বাকি একজনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে শহরের বেশ কয়েকটি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে পুলিশ ১৪ মাদকসেবী ও বিক্রেতাকে আটক করে। আজ তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে চাঁদপুর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপপরিদর্শক) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ সাপেক্ষে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।