চাঁদপুরে আবার ভূমিকম্প
চাঁদপুরে আবার ভূমিকম্প হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩৩ মিনিট ১৯ সেকেন্ডে ওই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আগারগাঁও কার্যালয় থেকে ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রায় ৭২ কিলোমিটার দূরে।এ নিয়ে গত দেড় মাসে চাঁদপুর অঞ্চল থেকে চারটি ভূমিকম্পের উৎপত্তি হলো। এর প্রথমটি হয় গত ৩১ জুলাই। এর মাত্রা ছিল চারের ওপরে। এরপর পবিত্র ঈদুল ফিতরের আগের রাতে (শুক্রবার রাতে) দুই দফা ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল চাঁদপুর অঞ্চল। এগুলোরও মাত্রা ছিল চারের ওপরে। সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতের ভূমিকম্পের উৎপত্তিস্থলও একই অঞ্চল।ভূমিকম্প নিয়ে গবেষণারত কয়েকজন ভূতত্ত্ববিদ ও প্রকৌশলী বলেছেন, চাঁদপুর অঞ্চলের উৎপত্তিস্থল থেকে সংঘটিত ভূমিকম্প রাজধানী ঢাকার জন্য বিপৎসংকেত। কারণ ঢাকার এত কাছে যদি আরেকটু বেশি (রিখটার স্কেলে ছয়-সাত) মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল হয়, তাহলে অপরিকল্পিত ও যেনতেনভাবে গড়ে ওঠা ঢাকা নগরের বেশ ক্ষতি হতে পারে।ওই এলাকার আরও বিশেষত্ব হলো, যে সীতাকুণ্ড চ্যুতি থেকে ১৭৬২ সালে রিখটার স্কেলে সাতেরও বেশি মাত্রার এক ধ্বংসাত্মক ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, চাঁদপুরের সাম্প্রতিক চারটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল এর সন্নিহিত। তাই ওই এলাকা বড় কোনো ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে পারে।চাঁদপুরের ওই অঞ্চলে বড় কোনো ভূতাত্ত্বিক চ্যুতি নেই। তবে এলাকাটি অনেকগুলো ছোট ছোট চ্যুতির সংযোগস্থল (টেকটোনিক প্লেট জংশন)। এ কারণে এলাকাটি বড় কোনো ভূমিকম্প সৃষ্টির সহায়ক হতে পারে বলে ভূতত্ত্ববিদদের ধারণা।আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতের ভূমিকম্পে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় তা অনুভব করতে পারেনি। চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক অজয় কুমার দাস জানান, ভূমিকম্প পরিমাপ করার মতো কোনো যন্ত্র তাঁদের নেই। ঢাকা আবহাওয়া অফিস চাঁদপুরের ভূমিকম্প সম্পর্কে জানালে পরে তাঁরা তা জানতে পারেন।