চাঁদপুরে কৃষকদের বিক্ষোভ, কৃষি ব্যাংক ঘেরাও
কৃষিভর্তুকি বিতরণে অনিয়মের প্রতিবাদে চাঁদপুরের হাইমচর উপজেলায় কৃষকেরা বিক্ষোভ দেখিয়ে কৃষি ব্যাংক কার্যালয় ঘেরাও করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা কৃষি ব্যাংকের কার্যালয় ঘেরাও করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ ছিল, ভর্তুকি হিসাব খোলায় ১০০ টাকা এবং বিতরণের সময় ১০০ টাকা হারে ঘুষ নেওয়া এবং ব্যাংক কর্তৃপক্ষ বারবার তারিখ দিয়েও ভর্তুকি বিতরণ না করে হয়রানি করে। তাঁরা এরই প্রতিবাদে এই বিক্ষোভ করেন।কৃষি ব্যাংকের হাইমচর শাখার কর্মকর্তা সৈয়দ আহম্মেদ বলেন, ‘আজ কৃষকদের টাকা দেওয়ার কথা থাকলেও নয়ানী, কমলাপুর ও দক্ষিণ আলগী গ্রামের ভর্তুকি বিতরণ এক দিনে হওয়ায় আমরা বিতরণের তারিখ পুনর্নির্ধারণ করি। এতে কিছুসংখ্যক কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন।’ হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছি।’