চাঁদপুরে ছাত্রলীগের ভাঙচুরের প্রতিবাদে ধর্মঘট পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ধর্মঘট পালন করে চাঁদপুর শহরের দোকান মালিক সমিতি।জানা গেছে, আজ মঙ্গলবার ধর্মঘট পালন কালে শহরের শপথ চত্বরে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসেনের পদত্যাগ দাবি করেন। সমাবেশ শেষে সব ব্যবসায়ী জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা ও জেলা পুলিশ সুপার মুহম্মদ শহীদ উল্যাহ চৌধুরী পিপিএমের সঙ্গে সাক্ষাত্ করেন বলেও জানা গেছে।দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী বলেন, গত সোমবার রাতে চাঁদপুর শহরে ছাত্রলীগ নামধারী কয়েকজন যুবক ব্যাপক ভাঙচুর চালান। এ সময় তাঁরা প্রায় অর্ধশত দোকানপাট ও যানবাহন ভাঙচুর করেন। এই ভাঙচুরের প্রতিবাদেই আজ এই ধর্মঘট পালন করা হয়েছে।ছাত্রলীগের নেতা আবদুল কাদের জিলানী বলেন, ‘জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান আমাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ দেবেন অথবা কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিতে রাখবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু এর কোনোটাই তিনি করেননি। এর প্রতিবাদ করতে আমরা ওই রাতে রোমানের বাসায় গেলে তাঁরা আমাদের ধাওয়া করেন।’অন্যদিকে জাহিদুল ইসলাম বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল যুবক এই কর্মকাণ্ড চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। বিষয়টি জেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে।’এ প্রসঙ্গে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা বলেন, ‘আমরা এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মর্মাহত। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’