চাঁদপুরে তদন্ত দল
হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা তদন্তে আজ বৃহস্পতিবার পুলিশের দুই সদস্যের একটি তদন্ত দল চাঁদপুরে গিয়েছে। এ দলে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) বিশ্বাস আফজাল হোসেন রয়েছেন। আজ সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউসে এ বিষয়ে ব্রিফিং করবেন ডিআইজি।দলটি প্রথমে ঘটনাস্থল শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এ সময় দলের সদস্যরা স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া তাঁরা হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গেও পৃথকভাবে কথা বলেন। ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। এ ঘটনায় দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত রোববার চাঁদপুরে জেলা বিএনপির গণমিছিল বের করার চেষ্টা করলে পুলিশের গুলিতে দুই বিএনপির কর্মী আবুল হোসেন মৃধা ও লিমন ছৈয়াল গুলিবিদ্ধ হয়ে মারা যান।এ ঘটনায় আবুল হোসেন মৃধার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে গতকাল বুধবার মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। মামলায় চাঁদপুরে এনডিসি, ওসিসহ ৪৬ জনকে আসামি করা হয়।এর আগে এ ঘটনায় গত রোববার পুলিশের পক্ষ থেকে বিএনপি-জামায়াতের ৫০ জন নেতার-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে দুটি মামলা হয়।