চাঁদপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ট্যাংক স্পেশাল নামের একটি তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে চাঁদপুর-লাকসাম রুটে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে শহরের কালীবাড়ি এলাকার আউটার সিগন্যালের কাছে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এ সময় তেলবাহী ট্রেনটির একটি বগি লাইন থেকে পড়ে সম্পূর্ণ উল্টে যায় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং রেললাইনটিও সম্পূর্ণ ভেঙে যায়। এ ঘটনার পর থেকেই চাঁদপুর-লাকসাম রুটে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ হয়ে গেছে।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ের একাধিক ব্যক্তি অভিযোগ করেন, চাঁদপুর-লাকসাম রুটে দীর্ঘদিন ধরে রেলওয়ে স্লিপার মেরামত না করায় এবং পাথর না দেওয়ায় লাইনে থাকা কাঠগুলো পচে যাওয়ার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনাকবলিত ট্যাংক স্পেশাল নামের ওই তেলবাহী ট্রেনটি শুক্রবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরের পদ্মা ডিপোর উদ্দেশে ছেড়ে আসে। দুর্ঘটনায় তেলবাহী ট্রেনের যে বগিটি সম্পূর্ণ উল্টে পড়েছে তাতে ৩৪ হাজার ৬৯০ লিটার ডিজেল রয়েছে। বাকি ২৫টি বগিতেই ডিজেল ও কেরোসিন ছিল। বগিগুলো উদ্ধারের জন্য লাকসাম থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ শুরু না হওয়ায় পড়ে যাওয়া বগি থেকে অনবরত ডিজেল পড়ে যাচ্ছে।চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই দিন সময় লাগতে পারে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে রেলওয়ে মাস্টার গোলাম মোস্তফা জানান।