চাঁদপুরে পুলিশ-পিকেটার সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলায় সকাল সাড়ে ১০টায় হরতাল চলাকালে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আটজন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।আহতদের মধ্যে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ভূঁইয়া, উপপরিদর্শক (এসআই) শাহজাহান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মিরাজ, কনস্টেবল নুরুন্নবী, মনিরুজ্জামান, বিকাশ চন্দ্র, মিজানুর রহমান ও রফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন।জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার হাসপাতাল মোড়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জলিল মাস্টারের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল করার সময় পুলিশ বাধা দেয়। এতে পিকেটাররা ক্ষিপ্ত হয়ে পাল্টা পুলিশের ওপর দুই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে। পরে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির জাফর জানান, এ ঘটনায় হাইমচর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।