চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ২০ জন আহত
চাঁদপুর সদর উপজেলার ষোলঘর এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এতে চাঁদপুর-কুমিল্লা সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।দুর্ঘটনায় আহত জান্নাত (৩৫), মোবারক (৪০), সুজিত (২০) ও আরিফুল ইসলামকে (১৮) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া উপজেলা থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁদপুর আসছিল। ষোলঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুর্ঘটনা ঘটে।পরে বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটির চালক পলাতক রয়েছে।