চাঁদপুরে বিএনপির এক গ্রুপের হামলায় অন্য গ্রুপের ৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বিএনপির এক গ্রুপের হামলায় অন্য গ্রুপের পাঁচজন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় কেন্দ্রীয় নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের আগমন উপলক্ষে তৈরি করা জনসভার মঞ্চ। আহতদের মধ্যে যুবদলের নেতা শানু চাঁদপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের উদ্যোগে কাল শনিবার শহরের হাসান আলী স্কুল মাঠে এক জনসভা আহ্বান করা হয়েছে। এ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের বক্তব্য রাখার কথা রয়েছে। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়ার গ্রুপ শাহ মোয়াজ্জেম হোসেনকে সংস্কারবাদী উল্লেখ করে চাঁদপুরে প্রতিহত করার ঘোষণা দিয়ে আজ বিকেল থেকেই শহরে বিক্ষোভ মিছিল করে এবং শাহ মোয়াজ্জেমের কুশপুত্তলিকা দাহ করে। পাশাপাশি তারা জনসভার মঞ্চও ভাঙচুর করে। এ সময় ফরিদের সমর্থকদের সঙ্গে শফিকুরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং মানিক গ্রুপের পাঁচজন আহত হয়। এ ব্যাপারে শফিকুর রহমান ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করে বলেন, শাহ মোয়াজ্জেম এর আগে চাঁদপুরে এ মাঠেই খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এরই জের ধরে বিএনপির একটি সমর্থক গ্রুপ এ ঘটনাটি ঘটাতে পারে।