চাঁদপুরে বিএনপির শোভাযাত্রায় পুলিশি হামলা, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বিএনপির একটি শোভাযাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে চিকিত্সা নিচ্ছেন।তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় চাঁদপুর পৌর বিএনপি দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শোভাযাত্রাটি শহরের জোড়পুকুর পাড় এলাকা অতিক্রম করার সময় পুলিশ এতে বাধা দেয়। এ নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ২০ নেতা-কর্মী আহত হন। এর আগে দলীয় কার্যালয় থেকে কয়েকবার মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। পৌর বিএনপির সভাপতি সলিমউল্যা সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, থানা বিএনপির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি প্রমুখ। পরে তারেক জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও জন্মদিনের কেক কাটা হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ বলেন, বিনা উসকানিতেই পুলিশ তাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় হামলা চালায়। এতে ২০-২৫ জন নেতা-কর্মী আহত হন। আর স্থানীয় আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের পরামর্শেই পুলিশ এ হামলা চালিয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে শোভাযাত্রার নামে মিছিল করা এবং পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।