চাঁদপুরে বিএনপির ১৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
চাঁদপুরে বিএনপির ৩৬ জনের নাম উল্লেখ করে এক হাজার ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে মামলা করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলাটি করা হয়।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোরশেদ জানান, ৪ মার্চ রাতে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ককটেল হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন পুলিশ ২০টি রাবার বুলেট ও চারটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় পুলিশসহ ১০ জন আহত হন। পাঁচজনকে আটক করা হয়। ওই ঘটনায় চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।ওসি জানান, মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রদলের নেতা সামসুল আরেফিন, শহর যুবদলের আহ্বায়ক আবদুল কাদের বেপারী।