চাঁদপুরে বিদ্যুতের দাবিতে তিন উপজেলায় সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার রাতে ব্রাজিলের খেলা দেখার সময় বিদ্যুৎ না থাকাকে কেন্দ্র করে চাঁদপুর-কুমিল্লা সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অবরোধ করেছে এলাকাবাসী। এর ফলে চাঁদপুরের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানের হাজার হাজার যাত্রীকে সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হয়। পরে বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।আজ বুধবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলায়, শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা ও কচুয়া উপজেলা জগত্পুরে চাঁদপুর-কুমিল্লা সড়ক বন্ধ করে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। বেলা দুইটার দিকে কুমিল্লা থেকে র্যাব-১১-এর একটি দল ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে সেখানে যান চলাচল শুরু হয়েছে। অবরোধকারীদের অভিযোগ, পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ বেশির ভাগ সময় এলাকায় লোডশেডিং দেওয়ার পরও বিশ্বকাপ খেলার সময়ও বিদ্যুৎ বন্ধ রাখছে। তাদের দাবি, খেলা চলাকালীন বিদ্যুৎ সরবরাহ দিতে হবে।এ দিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক তাঁর দলীয় লোকজন দিয়ে বিদ্যুতের অজুহাত দেখিয়ে রাস্তা বন্ধ করে আন্দোলনে নেমেছে। চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানিয়েছেন, এসব এলাকার হাজার হাজার লোক ব্রাজিলের খেলা দেখতে না পেরে এ আন্দোলনে নেমেছিল।