চাঁদপুরে বিভিন্ন সড়কে টায়ারে আগুন
চাঁদপুরে আজ সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন সড়ক অবরোধের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালের প্রথম দিন আজ সোমবার ভোর ছয়টা থেকে জেলার চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের কালীভাঙতি এলাকা, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দোয়াভাঙ্গা ও বাবুরহাট এলাকায়, ফরিদগঞ্জ-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকাসহ বেশ কয়েকটি রাস্তায় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে পিকেটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরিয়ে নেয় পুলিশ। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এ ছাড়া নাশকতা রোধে শহরে বিশেষ পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে।