চাঁদপুরে মহীউদ্দীন খানের গাড়িবহর ও পেট্রল পাম্পে হামলা, আহত ৫
হরতাল-সমর্থকেরা চাঁদপুরের কচুয়া উপজেলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের পেট্রল পাম্প ও তাঁর গাড়িবহরে হামলা চালিয়েছে। পেট্রল পাম্পে থাকা পাঁচটি গাড়ি তখন ভাঙচুর করা হয়। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১২টার দিকে কচুয়ার কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা হরতালের সমর্থনে ঢাকা-কচুয়া মহাসড়কের আকানিয়া-বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। তারা টায়ার জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতাও সৃষ্টি করে। এ সময় ওই পথ দিয়ে স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান গাড়িবহর নিয়ে কচুয়ায় প্রবেশ করছিলেন। হরতাল-সমর্থনকারীরা এ সময় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িবহরে হামলা চালায়। একপর্যায়ে তারা সাংসদের মালিকানাধীন সুলতানা ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। তারা ফিলিং স্টেশনে থাকা চারটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এ সময় স্থানীয় ছাত্রলীগের কর্মীদের প্রতিরোধের মুখে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে উজানি মাদ্রাসার তাফাজ্জাল হোসেন (২২), আবু সাঈদ (২৩), কচুয়া মাদ্রাসার জাহাঙ্গীর হোসেনসহ (১৩) অন্যরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছে।চাঁদপুরের অতিরিক্ত এএসপি আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।