চাঁদপুরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত আবুল হোসেন মৃধার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আজ বুধবার মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেছেন। মামলায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট শামীম-উল হক ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন, ওসি (তদন্ত) আলমগীর হোসেন মজুমদার, উপপরিদর্শক মহিউদ্দিনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।বিচারিক হাকিম চমন বেগম চৌধুরী মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।এ মামলায় অভিযোগ করা হয়, আবুল হোসের মৃধা ওই দিন (২৯ জানুয়ারি) ঘটনাস্থলের পাশ দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিনা উসকানিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে।ফাতেমার আইনজীবী সেলিম আকবর বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। গত রোববার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চাঁদপুরে বিএনপির নেতৃত্বাধীন চার দলের ঘোষিত গণমিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এতে সদর উপজেলার বাবুরহাটের বাসিন্দা আবুল হোসেন মৃধা (৫০) এবং গুয়াখোলার লিমন ছৈয়াল (২৫) নিহত হন। তাঁরা পেশায় রিকশাচালক। বিএনপির দাবি আবুল হোসেন বিএনপির কর্মী এবং লিমন ছাত্রদলের কর্মী।এদিকে ঘটনার দিন রাতেই পুলিশের পক্ষ থেকে বিএনপি-জামায়াতের ৫০ জন নেতার-কর্মীর নাম উল্লেখসহ পাঁচ হাজার জনকে অজ্ঞাত আসামি করে দুটি মামলা হয়। মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন মজুমদার বাদী হয়ে বিস্ফোরক ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ এনে মামলা দুটি করেন।