চাঁদপুরে রেললাইনে আগুন, সড়ক অবরোধ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ বুধবার চাঁদপুর-লাকসাম রেললাইনে আগুন দিয়েছেন হরতাল-সমর্থকেরা। এ ছাড়া ভোর থেকে চাঁদপুরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন পিকেটাররা। পরে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের বড় স্টেশন এলাকায় রেলের স্লিপারে আগুন দেন হরতাল-সমর্থকেরা। পরে রেল-পুলিশ সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।আজ সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাবুরহাট, মতলব-পেন্নাই সড়কের কয়েকটি জায়গায় ও চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমড়ারডুগি এলাকায় সড়ক অবরোধ করেন হরতাল-সমর্থকেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়।এদিকে হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করেন।হরতালের কারণে চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে সকাল নয়টার দিকে চাঁদপুর থেকে একটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, হরতালে নাশকতার চেষ্টাকালে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের একজন ও বিএনপির পাঁচজন কর্মীকে আটক করেছে।