চাঁদপুরে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার বাছাইয়া গ্রামে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের সময় জামাল হোসেন নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন (৪৫) কচুয়া উপজেলার মেগদাই গ্রামের মৃত আদম আলীর ছেলে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, জামাল হোসেন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে টহলরত র‌্যাবের (কুমিল্লা অঞ্চল ১১) একটি দল সেখানে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে জামাল নিহত হন। ওসি বলেন, টহল দলের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে র‌্যাব জানিয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জামাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চুরিসহ পাঁচটি মামলা রয়েছে বলে তিনি জানান। ময়নাতদন্তের জন্য জামালের লাশ মর্গে পাঠানো হয়েছে।