২৯ জানুয়ারি পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা
চাঁদপুরে লিমন ও আবুল পুলিশের গুলিতে নিহত হয়নি: পুলিশ সুপার
চাঁদপুরে গত ২৯ জানুয়ারি পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় লিমন ছৈয়াল ও আবুল হোসেন মৃধা পুলিশের গুলিতে নিহত হননি বলে দাবি করেছেন পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্ল্যা চৌধুরী। লিমন ও আবুল যে গুলিতে মারা গেছেন, ওই ধরনের অস্ত্র পুলিশ ব্যবহার করে না বলেও উল্লেখ করেছেন তিনি।সংঘর্ষের ১০ দিন পর আজ বুধবার বিকেলে পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্ল্যা চৌধুরী এক সংবাদ সম্মেলনে লিমন ও আবুলের ময়নাতদন্ত এবং ফরেনসিক প্রতিবেদনের আলোকে এ তথ্য তুলে ধরেন।কী ধরনের অস্ত্র দিয়ে এবং কারা এই হত্যাকাণ্ড করেছে, এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘মিছিলকারী অথবা অন্য কেউ খুব কাছ থেকে এ ঘটনা ঘটিয়েছে। এতে করে আমাদের ৪১ জন পুলিশ আহত ও লাঞ্ছিত হয়েছেন। বুলেটবিদ্ধ হয়ে দুজন এখনো চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।’পুলিশ সুপার আরও বলেন, গত ২৯ জানুয়ারি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণমিছিল করতে প্রশাসন থেকে নিষেধ করা হয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিএনপির কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ২২টি কাঁদানে গ্যাসের শেল এবং পরে ১০৫টি শটগানের গুলি ছোড়ে। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চারটি চায়নিজ রাইফেলের গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কয়েকটি তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর, এএসপি সদর সার্কেল কাজী আবদুল কাইউম, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন, ওসি (তদন্ত) আলমগীর হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।