চাঁদপুরে সড়ক অবরোধ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ বুধবার চাঁদপুরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছে পিকেটাররা। এ ছাড়া হরতালে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।আজ ভোর ছয়টা থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট ও চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল-সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সড়কগুলো থেকে পুলিশ সদস্যরা অবরোধ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া হরতালের সমর্থনে আজ সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে জেলা বিএনপি।হরতালের কারণে চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনকে আজ সকালে পিকেটিংয়ের সময় চাঁদপুরের হাইমচর ও মতলব উত্তর থেকে আটক করা হয়। এ ছাড়া গতকাল রাতে মতলব উত্তর থেকে এক বিএনপিকর্মী ও চাঁদপুর সদর থেকে দুজন জামায়াত কর্মীকে আটক করা হয়। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত সোমবার জোটের নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সরকার পতনের দাবিতে এ হরতালের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।