চাঁদপুরে সড়ক অবরোধ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই চাঁদপুরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন হরতালকারীরা। পুলিশ নাশকতা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন পিকেটাররা। এ ছাড়া একই সড়কের চানখাঁরপুল এলাকায় স্থানীয় বিএনপির কর্মীরা সড়কে বসে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়াবাজার এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করেন হরতালকারীরা। পরে পুলিশ গিয়ে টায়ার ও গাছ সরিয়ে ওই সব সড়কে যান চলাচল স্বাভাবিক করে।এদিকে, হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি মমিনুল হকের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৃথক মিছিল বের করেন।আজকের হরতালের কারণে চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জাফর জানান, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে হরতালে নাশকতার চেষ্টাকালে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ও বিএনপির পাঁচজন কর্মীকে আটক করেছে।