চাঁদপুরে হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁদপুরে একটি হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। আজ রোববার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহির আলী এ রায় ঘোষণা করেন।রায়ে আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জয়নাল বেপারী, লোকমান বেপারী, রেজ্জাক বেপারী, সিরাজ বেপারী, মান্নান বেপারী, সৈয়দ আলী বেপারী, সামছুল বেপারী, মোখলেছুর রহমান বেপারী ও ওসমান আলী বেপারী। এসব আসামির মধ্যে শামসুল বেপারী পলাতক এবং অন্যরা জেলহাজতে।মামলা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও ইউনিয়নে মোহাম্মদ আলী বেপারীকে হত্যা করা হয়।মামলায় অভিযোগ করা হয়, কলা বিক্রি নিয়ে ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি বিবাদী জয়নাল বেপারীর সঙ্গে আলী আহম্মদের ঝগড়া হয়। একপর্যায়ে জয়নাল বেপারীর সঙ্গে সৈয়দ আলী বেপারীসহ অন্য বিবাদীরা আলী আহম্মদকে বেদম মারধর করেন। এ সময় আলী আহম্মদের ভাই মোহাম্মদ আলী বেপারী ঘটনাস্থলে এলে তাঁকেও লাঠি, রড দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। পরে আহত আলী আহম্মদকে আলীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।চাঁদপুরের অতিরিক্ত পিপি মো. সাইয়েদুল ইসলাম বলেন, এ ঘটনায় মোহাম্মদ আলীর ভাই মো. বিল্লাল হোসেন ১০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় ওই বছরের ১ মার্চ হত্যা মামলা করেন।তবে মামলার বিচারকাজ চলাকালে অভিযুক্তদের মধ্যে তৈয়ব আলীর মৃত্যু হয়। হাজীগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম তদন্ত শেষে ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এই মামলায় ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।