চাঁদপুরে হাজীগঞ্জ ইউএনওর বিরুদ্ধে মামলা
আইনজীবীদের নিয়ে কটূক্তি করায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।আজ সোমবার দুপুরে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম চমন আরা বেগমের আদালতে মামলাটি করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।মামলা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ‘উকিল ও বেশ্যা একই’—এমন মন্তব্য করেছেন বলে চাঁদপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখার পর আইনজীবীরা ক্ষুব্ধ হন।মো. এমরান হোসেন জানান, হাজীগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভায় এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলে যে সংবাদ ছাপা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কলেজটি ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে গভর্নিং বডির সদস্যরা আজ তাত্ক্ষণিক সভা করে এর প্রতিবাদ করেছেন।চাঁদপুরের সহকারী পিপি মাহাবুব-এ-খোদা বলেন, আইনজীবী সম্পর্কে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার এমন বেফাঁস মন্তব্য দুঃখজনক।