চাঁদপুরের ফরিদগঞ্জে আধা বেলার হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সর্বদলীয় পৌর নাগরিক কমিটির ডাকা আজ বুধবারের আধা বেলার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জিল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি প্রথম আলো অনলাইনকে বলেন, গত রোববার দুপুরের ওই সংঘর্ষের ঘটনায় গত সোমবার ফরিদগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। ভাঙচুর ও হামলার অভিযোগে দুটি মামলা করেন মঞ্জিল হোসেনের ভাই আলী রাজ ও ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল খায়ের পাটোয়ারী। আলী রাজ ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে মামলা করেছেন। আর আবুল খায়ের পাটোয়ারীর করা মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল রাতে দুই মামলায় মাসুদ খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রসঙ্গত, গত রোববার ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জিল হোসেন আহত হন। ওই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে সর্বদলীয় পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল কর্মসূচি ঘোষণা করেন।