চাঁদা তুলছে পুলিশ (ভিডিও)
ঈদ সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঢাকা-রংপুর মহাসড়কে পরিবহন থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জুমারঘর, কাটাখালী, বোয়ালিয়া, ফাঁসিতলা, চাপরিগঞ্জ ও কালিতলা পয়েন্টে বাস-ট্রাক দাঁড় করিয়ে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। এর ফলে পরিবহনের শ্রমিকদের সঙ্গে হয়রানির শিকার হচ্ছে যাত্রীরাও। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কে চলাচলকারী কোচ ও ট্রাকপ্রতি ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এ বিষয়ে কথা হয় পলাশবাড়ীর উপজেলা শহরের ট্রাকচালক আবদুস সাত্তার, উত্তম পাল ও বাসের সুপারভাইজার খয়বর হোসেনের সঙ্গে। তাঁরা বলেন, চাঁদা না দিলে কাগজপত্র পরীক্ষার নামে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে চাঁদা না দিয়ে কোনো উপায় থাকে না। পলাশবাড়ীর গাইবান্ধা জেলা বাস, মিনি বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরুজ হক বলেন, ১৫ দিন ধরে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ কাগজপত্র পরীক্ষার নামে বাস, ট্রাক আটকে চাঁদা তুলছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত টাকা চাঁদা নেওয়া হচ্ছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে পলাশবাড়ীর এক বাসচালক প্রতিবেদককে জানান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এই চাঁদা আদায় করা হচ্ছে।
এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফারুক আহম্মেদ আজ বুধবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাতে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কেউ কেউ বাস ও ট্রাক দাঁড় করিয়ে চাঁদা নিতে পারে, সেটা আমার জানা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার মো. ইসরাফিলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে চাঁদা তোলার কোনো অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’