চাঁদা তুলতে শিশুদের রাস্তায় পাঠালেন শিক্ষকেরা!
ঝিনাইদহের কালীগঞ্জ-গাজীরবাজার সড়কের মল্লিকপুর বাজারের মোড়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে দাঁড়িয়ে ছিল ৮-১০ বছর বয়সের ১৫-২০ জন ছাত্র। ট্রাক, নছিমন-করিমন, মোটরসাইকেল, ভ্যান-রিকশা দেখলেই তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত তুলে থামানোর চেষ্টা করে। থামলে চাঁদা চায়। কেউ চাঁদা দেন, কেউ দেন না।এই শিশুরা কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তারা সবাই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। শিশুরা জানায়, ঝুঁকিপূর্ণ কাজ জেনেও তারা ব্যস্ত রাস্তায় গাড়ি থামাচ্ছে এবং চাঁদা তুলছে। কারণ শিক্ষকেরা তাদের পাঠিয়েছেন। বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে হবে। তাই টাকা দরকার।গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত মল্লিকপুর বাজারের মোড়ে অবস্থান করে দেখা গেছে, দ্রুতগামী গাড়ি থামাতে শিশুরা অনেক সময় লাল ফিতা ধরছে, অনেক সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করছে। তাদের পাশে কোনো শিক্ষককে দেখা যায়নি। তবে একটু দূরে বাজারের একটি দোকানে আবু তাহের নামের এক শিক্ষককে বসে থাকতে দেখা যায়।শিশুদের কয়েকজন বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে ছিল। কয়েকজন ছিল সাধারণ পোশাকে। তবে সবার বুকে বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া একটি সাদা কাগজের ব্যাজ ছিল। এতে লেখা ‘মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ’।শিশুদের মধ্যে পঞ্চম শ্রেণীর এক ছাত্র জানায়, বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে। শিক্ষকেরা বলেছেন, ‘অনুষ্ঠানের জন্য টাকা প্রয়োজন। তোমরা রাস্তায় গিয়ে গাড়ি আটকে চাঁদা তুলে নিয়ে আস।’ তাই তারা বাধ্য হয়ে চাঁদা তুলছে। চতুর্থ শ্রেণীর অন্য এক ছাত্র জানায়, অনেক চালক তাদের টাকা দিচ্ছেন। আবার অনেকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন। তখন তারা দ্রুত রাস্তার ধারে সরে নিজেদের রক্ষা করছে।গতকাল সকালে দোকানে বসা শিক্ষক ও উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘একটু ভালো করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে চাঁদার জন্য ছাত্রদের পাঠিয়েছি। তবে রাস্তায় যেন দুর্ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক দৃষ্টি রাখছি।’এ ব্যাপারে মনিরুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘আমরা সন্তান পাঠিয়েছি পড়াশোনার জন্য। আর শিক্ষকেরা তাদের দিয়ে চাঁদা উঠাচ্ছেন। প্রতিষ্ঠানের অনুষ্ঠান পালনে অর্থের সংকট দেখা দিলে বিদ্যালয় পরিচালনা কমিটি রয়েছে। গ্রামের মানুষ রয়েছে। আমাদের জানানো হলে কোনো অর্থের অভাব হতো না। টাকা তুলতে শিশুদের রাস্তায় পাঠিয়ে শিক্ষকেরা ভুল করেছেন।’যোগাযোগ করা হলে মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল আজিজ বলেন, ‘ম্যানেজিং কমিটির সভা ছাড়াই এটা করা হয়েছে। বিষয়টি খুবই অন্যায় ও দুঃখজনক। আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। শিশুদের যেন আর চাঁদার জন্য রাস্তায় না পাঠানো হয়।’এ ব্যাপারে মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা চৌধুরী বলেন, ‘স্বাধীনতা দিবস উদ্যাপনের জন্য সাধারণত সরকারি কোনো তহবিল থাকে না। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করে তাদের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ নিয়ে আজ (গতকাল) সকালে সভা হওয়ার কথা ছিল। তা হয়নি। এ দিকে অনুষ্ঠানের আয়োজনেরও বেশি সময় ছিল না। তাই টাকা তুলতে ছেলেদের পাঠানো হয়েছিল। আপনাদের অসুবিধা হলে আর পাঠাব না।’কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মদ বলেন, ‘এভাবে শিশু শিক্ষার্থীদের রাস্তায় ঝুঁকিপূর্ণভাবে দাঁড় করিয়ে টাকা তোলার সুযোগ নেই। বিষয়টি আমি দেখছি।’