চাঁদা না দিলে প্রাণ যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বড় ও মাঝারি বিক্রয়কেন্দ্র (প্যাভিলিয়ন) বানাতে হলে চাঁদা দিতে হবে, নইলে প্রাণ যাবে। শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রলীগের নেতা-কর্মীরা এই নির্দেশ জারি করেছেন।ইতিমধ্যে চাঁদা না দেওয়ায় অনেক প্যাভিলিয়নের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান চাঁদা দিয়ে সমঝোতায় এসেছে। আবার কেউ চাঁদাবাজদের চেয়ে ‘বড় নেতা’ ধরে নির্মাণকাজ চালু রেখেছে।বাণিজ্যমন্ত্রী জি এম কাদের মেলার প্রস্তুতি পর্বে চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার কাছে চিঠি দিয়েছেন। এতে বলা হয়েছে, ‘সরকারি দলের নাম ব্যবহার করে কতিপয় সন্ত্রাসী প্রতিদিন বাণিজ্য মেলার মাঠে উপস্থিত হয়ে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করছে। চাঁদা না পেয়ে তারা নির্মাণকাজ বন্ধ করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে কিছু কিছু প্রতিষ্ঠান নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে, কেউ কেউ কাজের গতি কমিয়ে দিতে বাধ্য হয়েছে।’ চাঁদাবাজি বন্ধ না হলে ১ জানুয়ারি মেলা উদ্বোধন করা সম্ভব হবে না বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রী।মন্ত্রীর এই চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর (এনএসআই), পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালকের কাছে।জানতে চাইলে তেজগাঁও অঞ্চলের উপকমিশনার মো. ইমাম হোসেন চাঁদাবাজির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কিছু ব্যবসায়ী ফোন করে চাঁদাবাজির কথা জানিয়েছেন। তিনি থানার পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। এখন সার্বক্ষণিক পুলিশি পাহারা রয়েছে।দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলবে মাসজুড়ে। এবার মেলায় মোট স্টল থাকবে ৫০৩টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১৪৩টি। মেলার ভেতরে এখন চলছে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জার কাজ। ছোট ছোট স্টল তৈরির কাজ গণপূর্ত করলেও প্যাভিলিয়ন নির্মাণ করছেন প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ঠিকাদারেরা। চাঁদাবাজি হচ্ছে প্যাভিলিয়নগুলো ঘিরেই।গতকাল দুপুরে বাণিজ্য মেলার মাঠে গেলে প্যাভিলিয়ন নির্মাণের দায়িত্বে থাকা কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, প্রায় প্রতিদিন সন্ধ্যায় শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২০-২৫ জন ছাত্র জোট বেঁধে আসেন। তাঁরা বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করছেন। কারও কাছে এক লাখ, কারও কাছে ৫০ হাজার টাকা চাওয়া হচ্ছে। টাকা দিতে রাজি না হলে ইট, সিমেন্ট বা রড দাবি করা হচ্ছে।একটি ইলেকট্রনিকস কোম্পানির প্যাভিলিয়ন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার আবদুল হক অভিযোগ করেন, ৫-৬ ডিসেম্বর থেকে এঁদের তৎপরতা শুরু হয়। কয়েক দিন আগে চাঁদা না দেওয়ায় তাঁরা তিনটি শিল্পপ্রতিষ্ঠানের প্যাভিলিয়ন নির্মাণের কাজ বন্ধ করে দেন। পরে টাকা দিয়ে সমঝোতা হলে নির্মাণকাজ শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত থাকা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হাসান সম্রাট নিজের ভিজিটিং কার্ড দিয়ে যোগাযোগ করতে বলে যান। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি পাঁচ হাজার ইট দাবি করেন। এটা দিতে না চাওয়ায় তাঁর প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ঠিকাদার দুই হাজার ইট দিয়ে সমঝোতা করেন।বাণিজ্য মেলার পাশেই আগারগাঁও পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এখন সব মিটে গেছে।সাজদার আলী নামে মেলার আরেক ঠিকাদার অভিযোগ করেন, তিনি বাংলাদেশের একটি বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠানের বড় প্যাভিলিয়ন নির্মাণের কাজ পেয়েছেন। এক সপ্তাহ আগে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রলীগের একদল নেতা-কর্মী তাঁর কাছে আসেন। তাঁরা সম্রাট, জুবায়ের, সোহেল, সেলিম বলে নিজেদের পরিচয় দেন। এঁদের মধ্যে সম্রাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক। তিনি চাঁদাবাজ দলের নেতা।গতকাল দুপুরে এই প্রতিবেদকের সামনে এক ঠিকাদার এনামুল হাসান সম্রাটকে ফোন করলে তিনি বলেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরে তাঁরা ছাত্রলীগের একটি কার্যালয় বানাতে চান। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ইট, রড বা সিমেন্ট নিচ্ছেন। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান দুই হাজার ইট এবং ২০ বস্তা সিমেন্ট দিয়েছে। ওই ঠিকাদার কথা বলার পরপরই প্রথম আলোর প্রতিবেদক ফোন করলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘আমার ভিজিটিং কার্ড দেখিয়ে ফাঁসানো হচ্ছে।’কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ এ বি এম আবদুজ জাহের প্রথম আলোকে বলেন, ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম মুনতাসীর শুভ ও সাধারণ সম্পাদক এনামুল হাসান সম্রাট। সম্রাট তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করেন। চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ছাত্ররা প্রতিষ্ঠানের বাইরে কী করছেন, তার কোনো দায় প্রতিষ্ঠানের নয়। অধ্যক্ষের সঙ্গে কথা বলার সময় দুজন শিক্ষক সেখানে ছিলেন। তাঁরা বাণিজ্য মেলায় ছাত্রলীগের চাঁদাবাজি নিয়ে নানা কথা শুনেছেন বলে জানান।চাঁদাবাজি নিয়ে মেলার ভেতরে ঠিকাদারের সঙ্গে কথা বলার সময় শেরেবাংলা নগর ফাঁড়ির দুজন পুলিশ কনস্টেবল পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের একজন প্রথম আলোকে বলেন, ‘যারা চাঁদাবাজি করছে, তারা সবাই সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী। এদের গায়ে হাত দেবে সাধ্য কার?’ আরেক কনস্টেবল বলেন, মেলার চাঁদাবাজি সম্পর্কে সরকারের সব স্তরে জানানো হয়েছে। দুই দিন আগে এ নিয়ে মেলার ভেতরে বৈঠকও হয়েছে। কিন্তু কাজ হয়নি।হাবিবুল্লাহ নামের এক ঠিকাদার নিজেকে যুবলীগের কর্মী দাবি করে বলেন, আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাঁদাবাজি করতেন। এবার তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রলীগ নেতা-কর্মীরা। এঁদের প্রত্যক্ষ মদদ দিচ্ছেন যুবলীগের নেতা ও মন্ত্রী সাহারা খাতুনের আত্মীয় শহিদুল ইসলাম এবং সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওনের ভাই নুরুল আমিন। তাঁদের আশ্রয়-প্রশ্রয়েই চাঁদাবাজি চলছে। শহিদুল আবার মেলার গেটের ইজারাদার।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শহিদুল ইসলাম চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। তিনি বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ শোনার পর আমি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রদের ডেকে বলে দিয়েছি। ওরা আর মেলায় যাচ্ছে না। দুই দিন ধরে পরিস্থিতি ভালো আছে।’ সাংসদ নুরুন্নবী বলেন, তাঁর ভাই কোনোভাবেই চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।এদিকে বাণিজ্য মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তিনটি আলাদা চিঠি পাঠিয়েছে। এতে মাস্তান ও সন্ত্রাসী দলের চাঁদা চাওয়ার বিষয়টিকে ‘অত্যন্ত বিব্রতকর, অনাকাঙ্ক্ষিত ও সরকারের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ’ বলে উল্লেখ করা হয়।ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে। আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি, আজকালের মধ্যে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’