চাঁদা না দেওয়ায় বোমা হামলায় মেহেরপুরে দুই ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা চেয়ে না পাওয়ায় সন্ত্রাসীদের বোমা হামলায় মেহেরপুরের গাংনী উপজেলার দুই পান ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন গাংনীর কাজীপুর গ্রামের জিয়াউর রহমান (৩৫) এবং পাশের সাহেবনগর গ্রামের শাহজাহান আলী (৩২)। আজ সোমবার ভোরে পানের বরজে যাওয়ার পথে গাংনীর তালতলা মাঠের কাছে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তাঁদের হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা জানান, সন্ত্রাসীরা দুই মাস ধরে মোবাইল ফোনে তাঁদের হত্যার হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গাংনী থানার পুলিশ পরিদর্শক ওসমান আলী ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরেকটি বোমা উদ্ধার করেন। বোমাগুলো শক্তিশালী বলে পুলিশ জানিয়েছে।আহত জিয়াউর রহমানের বাবা আবদুল কুদ্দুস এবং শাহজাহান আলীর বাবা খোদা বক্স জানান, পুলিশ তাঁদের জীবনের নিরাপত্তা দিলে তাঁরা বোমা নিক্ষেপকারী সন্ত্রাসীদের নাম উল্লেখ করে মামলা করবেন। আহত ব্যক্তিরা ভয়ে হামলাকারীদের নাম বলতে অস্বীকৃতি জানান।