চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি
আজ সোমবার বেলা সাড়ে ১১টা। রাজধানীর মগবাজারের বাটার গলির ভেতরে যানজটে আটকে আছে সব। আশপাশে অনেক রিকশা, গাড়ি, মোটরসাইকেল। অনেক মানুষ হেঁটে চলেছে। নীল রঙের একটি ছোট স্টারলেট গাড়িও দাঁড়িয়ে। গাড়িতে ছয় বছরের ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজুল হক। এর মধ্যেই দুই তরুণ গাড়ির সামনের জানালার কাচ ভেঙে মোস্তাফিজুলের বাঁ পায়ের ঊরুতে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এর পরেই উধাও হয়ে যান তাঁরা। গুলিবিদ্ধ মোস্তাফিজুলকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ঊরু থেকে গুলি বের করেছেন চিকিত্সকেরা।জানা গেছে, মোস্তাফিজুল মগবাজার রেলক্রসিং-সংলগ্ন যমুনা সিএনজি স্টেশনের মালিক। তাঁর ভগ্নিপতি ওয়াহিদুর রহমান বলেন, দুই মাস আগে সন্ত্রাসী মুকুলের সহযোগী পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয় মোস্তাফিজুলের কাছে। তিনি এত টাকা দিতে অপারগতা জানান। এরপর দীর্ঘদিন কোনো খোঁজ নেই। সবাই বিষয়টি ভুলেই গিয়েছিল। পরে গতকাল রোববার হঠাত্ ফোন আসে। ও প্রান্ত থেকে বলা হয়, টাকা না দিলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। এর পর আজ সকালে ঘটল গুলির ঘটনা।গাড়ির চালক মামুন মিয়া বলেন, প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিলেন তাঁরা। হঠাত্ করে সামনের আধখোলা জানালায় মুখ রেখে দুই যুবক বলেন, ‘কী মিয়া, ফোন করলে ধরেন না।’ বলতে বলতেই একজন কাচ ভেঙে গুলি করে।রমনা থানার পুলিশ জানায়, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।