চাঁদা না দেওয়ায় সাভারে একজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে মো. এখলাস উদ্দিন (৩৫) নামে কুয়েত ফেরত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী সন্ত্রাসীদের চারটি যানবাহন পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা পাঁচজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, এখলাসের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষিণ শ্যামপুর গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ১০০ শতক জমির ওপর বসবাস করে আসছেন। সম্প্র্রতি এখলাস কুয়েত থেকে ফেরার পর ওই এলাকার একটি প্রভাবশালী চক্র তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় এখলাসদের ২৯ শতক জমির মালিকানা দাবি করে ওই চক্রটি। গতকাল দুপুর ১২টার দিকে ওই চক্র কয়েকটি যানবাহনে করে শতাধিক লোক নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁরা পরিবারের সদস্যদের মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা এখলাসকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে সন্ত্রাসীরা এখলাসের বুকে পর পর তিনটি গুলি করে। গুলির শব্দে গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ট্রাক, দুটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার পুড়িয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাইনবোর্ড ও ঘর তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। সাইনবোর্ডটিতে জনৈক মুখলেসুর রহমান ও ফায়জুল ইসলামের নাম রয়েছে। এই দুই ব্যক্তি নিহত এখলাস ও তাঁর ভাইদের জমির ২৯ শতকের মালিক বলে সাইনবোর্ডটিতে উল্লেখ করা হয়েছে। নিহত এখলাসের ছোট ভাই তারা মিয়া বলেন, ওই জমির ২৯ শতক নিয়ে বিরোধ দেখা দিলে আদালতে মামলা হয়। মামলায় তাঁদের পক্ষেই রায় হয়। তারা মিয়া অভিযোগ করেন, সম্প্র্রতি তাঁর ভাই বিদেশ থেকে ফেরার পর মঞ্জুরুল আলম ওরফে রাজীব ও তাঁর ভাই ফকরুল আলম ওরফে সমর ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মঞ্জুরুল ও ফকরুল শতাধিক সন্ত্রাসী নিয়ে গতকাল দুপুরে তাঁদের (তারা মিয়া) বাড়ি দখল করার চেষ্টা চালায়। একপর্যায়ে ফকরুল খুব কাছে থেকে এখলাসকে গুলি করে পালিয়ে যান। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সন্ত্রাসী হামলা ও খুনের ঘটনায় নিহত এখলাস উদ্দিনের বড় ভাই মো. জয়নাল আবেদিন বাদী হয়ে গতকাল সাভার থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মঞ্জুরুল ও তাঁর ভাই ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফকরুলসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে আসামি শাহ আলম (২২), দেলোয়ার হোসেন (২৩), বিল্লাল হোসেন (২৫), আফজাল হোসেন (২৩) ও মতিনকে (২২) গ্রেপ্তার করেছে।