চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে গুলি
রাজধানীর মধ্য বাড্ডায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় চাঁদাবাজদের গুলিতে কবির হোসেন নামের এক দোকান কর্মচারী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এদিকে, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেলা তিনটার পর বিক্ষোভ মিছিল করেছেন এলাকার ব্যবসায়ীরা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কবির হোসেন মধ্য বাড্ডার আজাদ প্লাজার শাকিল আহমেদের দোকানের কর্মচারী। আজ বেলা এগারোটার দিকে, দোকান মালিক শাকিল আহমেদের কাছ থেকে আগে থেকে দাবি করা চাঁদার টাকা আনতে যায় স্থানীয় সন্ত্রাসীরা। কিন্তু সে সময় শাকিলকে দোকানে না পেয়ে কবিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এ সময় কবিরের পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বেলা তিনটার পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মধ্য বাড্ডার আজাদ প্লাজাসহ আশপাশের দোকান বন্ধ করে বিক্ষোভ করেছেন এলাকার ব্যবসায়ীরা। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দোকান মালিক বাদী হয়ে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তবে, এ ঘটনায় জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি।