চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, গণপিটুনিতে চাঁদাবাজের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজারে গতকাল শুক্রবার বিকেলে চাঁদা না দেওয়ায় ইউছুফ আলী (৫০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ইউছুফ আলী ওমরপুর গ্রামের বাসিন্দা। ক্ষুব্ধ জনতা হাবিবুর রহমান নামের এই নেতাকে বেদম মারধর করে পুড়িয়ে মারার চেষ্টা করে। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। হাবিবুর উপজেলার দাশগ্রামের (পূর্ব একডালা) আওয়ামী লীগ নেতা আকবর আলী মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমানসহ সংগঠনের তিন নেতা গতকাল বিকেল পৌনে চারটার দিকে ওমরপুর বাজারে যান। তাঁরা ওই বাজারের গরুর হাটে গিয়ে তত্ত্বাবধায়ক ইউছুফ আলীর কাছে চাঁদা দাবি করেন। ইউছুফ আলী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হাবিবুর রহমান ইউসুফ আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় ইউছুফ আলীর ছেলে শামছুল আলী ও তাঁর বন্ধু মাফুজার রহমান বাধা দিতে গেলে তাঁদেরও ছুরি দিয়ে আঘাত করা হয়। এ অবস্থায় বাজারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ওপর হামলা চালায়। তাঁদের দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। জনতা হাবিবুর রহমানকে পিটুনি দিয়ে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। ঘটনার পরপরই ছুরিকাহত ইউছুফ আলী, শামছুল আলী ও মাহফুজারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ইউছুফ আলী মারা যান। এদিকে হাবিবুর রহমানকে গুরুতর অবস্থায় গতকাল সন্ধ্যায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সোয়া সাতটায় তিনি মারা যান। নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মজনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, হাবিবুর রহমানকে তিনি তেমন চেনেন না। তিনি সংগঠনের কোনো পদে নেই। অথচ পৌর স্বেচ্ছাসেক লীগের সভাপতি হিসেবে হাবিবুর রহমানকে সংগঠনের উপজেলা আহ্বায়ক মজনুর রহমানের অভিনন্দন জানানোর খবর গত বৃহস্পতিবার স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। অবশ্য মজনুর রহমান দাবি করেন, তিনি এই অভিনন্দন দেননি। নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ জানান, পৌর স্বেচ্ছাসেবক লীগের নামে হাবিবুর রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির কথা এর আগে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।