চাঁদা না পেয়ে মগবাজারে ঠিকাদারকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা স্বপন হক তালুকদার (৩৬) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে। দাবিমতো চাঁদা না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী মগবাজারের নয়াটোলার আমবাগানে ইট ও বালুর ঠিকাদার স্বপনকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে স্বপনের মাথায় তিনটি ও পেটে একটি গুলি লাগে এবং পথচারী নূরমোহাম্মদের পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১২টায় চিকিত্সক স্বপনকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর পর হাসপাতালে ঠিকাদার স্বপনের মা বদরুন্নেছা কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের জানান, তাঁর জন্য ওষুধ কিনতে স্বপন বাসা থেকে বেরিয়ে নয়াটোলায় যাচ্ছিলেন। এ সময় জাকির ও সেন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী দুই লাখ টাকা চাঁদার জন্য স্বপনকে গুলি করে হত্যার চেষ্টা করে। কিছুদিন আগে তারা চাঁদার জন্য স্বপনকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। ছয় মাস আগে এই সন্ত্রাসীরা চাঁদার জন্য স্বপনকে গুলি করেছিল। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুদিন আগে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, নিহত স্বপন থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। স্বপন ৫২৭/৫২৬, আমবাগানে থাকতেন। তাঁর বাবার নাম নুরুল হক তালুকদার।তরুণ ছুরিকাহত: এদিকে গতকাল রাতে রাজধানীর দনিয়ায় দুর্বৃত্তরা জুবায়ের আলম (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। হাসপাতালে চিকিৎসাধীন জুবায়ের জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় স্থানীয় একটি মসজিদে বসা নিয়ে স্থানীয় যুবক মুন ও ওয়াজিরের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এর জের ধরে তারাই তাঁকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।