চাঁদাবাজি, বিদ্যুৎ-সংকটের জন্য সমর্থন হারিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, জুলুম-নির্যাতন, দলীয়করণ, ছাত্রলীগ-যুবলীগের টেন্ডারবাজি, চাঁদাবাজি ও বিদ্যুতের সমস্যার কারণে সরকার জনসমর্থন হারিয়ে ফেলেছে।গতকাল শনিবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। খোন্দকার দেলোয়ার বলেন, জনগণ এখন বিরোধী দলকে সমর্থন দিচ্ছে। তাই জনগণকে সচেতন করে জাতীয়তাবাদী, ইসলামি ও সমমনা দলগুলোকে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।বিএনপিকে আয়নায় চেহারা দেখতে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে খোন্দকার দেলোয়ার বলেন, ‘বিএনপি নিজেদের চেহারা আয়নায় দেখেছে। কিন্তু ক্ষমতার মেক-আপ থাকার কারণে আওয়ামী লীগ নিজেদের চেহারা দেখতে পারছে না। মুখে প্রসাধনী দেওয়া অপরিচিত চেহারা দেখছে।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য কিছুই করতে পারেনি। তারা বিদেশি প্রভুদের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে করছে।এনডিপির সভাপতি খন্দকার গোলাম মোর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় মাসিক মদিনা সম্পাদক মহিউদ্দীন খান, খেলাফত মজলিসের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।চৌধুরী আলমের খোঁজ দাবি: ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের খোঁজ চেয়েছে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে এই দাবিতে দলটি সমাবেশ করে। সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকারের ইঙ্গিতে চৌধুরী আলমকে অপহরণ করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা রাষ্ট্রের কর্মচারী। শেখ হাসিনার কর্মচারী নন। তাই জনগণের কমিটমেন্ট রক্ষা করুন।’ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ বক্তব্য দেন।