চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জন মামলায় শেখ হেলাল দম্পতির জামিন
চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী রূপা চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলে তাঁদের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিলের নিষ্পত্তি না হওয়া এই জামিন মঞ্জুর করেন।৯ মে শেখ হেলাল ও তাঁর স্ত্রী ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আত্মসমর্পণ করেন। তবে জামিনের আবেদন করলে বিচারক মোজ্জামেল হোসাইন দুজনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় দুর্নীতি দমন কমিশন এ মামলা করেন। ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি এ মামলায় শেখ হেলালের ১৩ বছর ও রূপা চৌধুরীর তিন বছর কারাদণ্ড হয়। এ সময় শেখ হেলাল ও তাঁর স্ত্রী দুজনেই পলাতক ছিলেন।এ বছরের ১০ মে তাঁরা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলে জামিনের আবেদন জানান। এ ছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় শেখ হেলালকে সাত বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেছিলেন তিনি। আজ এ মামলায়ও তাঁকে জামিন দেওয়া হয়।যোগাযোগ করা হলে শেখ হেলাল দম্পতির আইনজীবী সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের মামলা দুটির আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট তাঁদের জামিন মঞ্জুর করেন। তাই এখন তাঁদের কারামুক্তিতে বাধা নেই।